সতীর্থদের নিয়ে রোনালদোর মহৎ উদ্যোগ

ronaldo_reach_98_goalsএখন পেশাদার ফুটবল ক্লাবগুলোরই বেহাল দশা। পরিস্থিতি সামলাতে বেতন কর্তণসহ স্টাফদের পাঠানো হচ্ছে সাময়িক ছুটিতে। করোনাকালে সৌখিন ক্লাবগুলোর অবস্থা তো আরও শোচনীয়। তবে ক্রিস্তিয়ানো রোনালদো এই ক্লাবগুলোর রক্ষায় উদাহরণ হয়ে থাকতে পারেন সবার কাছে। 

পর্তুগালে সৌখিন ক্লাবগুলো যাতে আর্থিক সঙ্কট মোকাবিলা করতে পারে, সেজন্য অনুদানের উদ্যোগ নিয়েছেন তিনি। ২০২০ ইউরোতে কোয়ালিফাই করায় ভালো পরিমাণের বোনাস পেয়েছিলেন পর্তুগিজ যুবরাজসহ দলের সবাই। এই অর্থের অর্ধেক অংশ ক্লাবগুলোকে অনুদান হিসেবে দিতে মনস্থির করেছেন জুভেন্টাস ফরোয়ার্ড। তার এই পদক্ষেপে সঙ্গী হচ্ছেন জাতীয় দলের সতীর্থরাও। সব মিলিয়ে এর পরিমাণ দাঁড়াচ্ছে ৪.৭ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ  ৪৩ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার ৫৮৮ টাকা প্রায়।

এর মূল উদ্যোক্তা যে পর্তুগিজ দলের অধিনায়ক রোনালদো। সেটি জানিয়েছেন দলটির মিডফিল্ডার বের্নার্ডো সিলভা, ‘আসলেই ওই একজন (রোনালদো), যে দুই-তিন আগে আমাদের এই পরিকল্পনার কথা জানায়। আমরা ২০২০ ইউরোতে কোয়ালিফাই করেছি, যেটা এখন ২০২১ সালে হবে। রোনালদোই আমাদের বলে, বোনাসের কিছু অংশ যেন অনুদান হিসেবে দিয়ে দেই।’

পর্তুগিজ ফুটবল ফেডারেশনও জানিয়েছে এমন মহৎ উদ্যোগের খবর। তারা বলেছে, এই সঙ্কটে সৌখিন ক্লাবগুলো যেন বেঁচে থাকতে পারে, সেজন্যই এই অর্থ অনুদানের ফান্ডে যাবে।

গত সপ্তাহে সৌখিন ক্লাবগুলোর মৌসুমের ইতি টেনে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। কোনো ধরনের চ্যাম্পিয়ন, প্রোমোশন ও রেলিগেশন ছাড়াই বাতিল করা হয়েছে মৌসুমটি।