বাংলাদেশের ইংলিশ কোচ ডে নিজেও বাংলাদেশ এসে নতুন উদ্যমে কাজ শুরু করতে উন্মুখ, ‘আমাদের মধ্যে এখনও নতুন চুক্তি হয়নি। নতুন চুক্তিটা হলেই নতুনভাবে কাজ শুরু করতে পারবো।’ বাফুফের অন্যতম সহসভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শিগগিরই ডের সঙ্গে চুক্তি হবে। খসড়া নিয়ে কাজ হচ্ছে। একটু বাকি আছে। এমনিতে কোনও সমস্যা নেই। আমরা এক বছরের জায়গায় এবার দুই বছরের জন্য চুক্তি করতে যাচ্ছি তার সঙ্গে। চুক্তিতে আগে যা ছিল বলতে গেলে তাই আছে। বেতন-ভাতা আগের মতেই থাকবে।’
দুই বছর আগে বাফুফের কাজী নাবিলই ইংল্যান্ডে গিয়ে ডের সঙ্গে কথা বলে তাকে আনার ব্যাপারটি চূড়ান্ত করেছিলেন। এরপর ভালো-মন্দে কেটে গেছে দুই বছর। আবারও ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কারণ কী?
কাজী নাবিল বলেছেন, ‘এতদিনে বাংলাদেশ সম্পর্কে তার সম্যক ধারণা হয়েছে। খেলোয়াড়েরা তার সম্পর্কে জেনেছে। কোচের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। কিছু রেজাল্ট ইতিবাচক হয়েছে। আবার কিছু আশানুরূপ হয়নি। তাই নতুন কোচ আনার চেয়ে ডেকেই দায়িত্ব দেওয়াটা আমাদের কাছে ভালো মনে হয়েছে।’
তবে আগামী দুই বছরে ডের কাছে বাফুফের প্রত্যাশাটাও থাকবে বেশি। কাজী নাবিলের কথায় পরিষ্কার, ‘সাফ ফুটবলে আমাদের অবশ্যই ভালো রেজাল্ট হওয়া দরকার। ফাইনালে খেলতে চাই। সেখানে রেজাল্ট যাই হোক না কেন। এছাড়া এএফসির প্রতিযোগিতাগুলোতে ভালো করতে চাই। এই যেমন আমরা ২০১৮ এশিয়াডে কাতারকে হারিয়েছি, এমন ফল চাই। এছাড়া দলের পারফরম্যান্স গ্রাফ আরও ওপরে নিতে হবে। যেসব জায়গায় উন্নতি হয়েছে তা ধরে রাখতে হবে।’