লকডাউন ভেঙে পার্টি, দেড় কোটি টাকার বেশি টাকা জরিমানা!

মোইজে কিনশনিবার সন্ধ্যায় খবর পাওয়া গেল সারা বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে ২ লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে যুক্তরাজ্যেই ২০ হাজারের বেশি। পাশাপাশি আরেকটি বিব্রতকর খবর পেলো ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব এভারটন- সরকার নির্দেশিত লকডাউন আইন ভেঙে বাসায় মেয়েদের নিয়ে পার্টি দিয়েছেন ক্লাবটির ইতালিয়ান স্ট্রাইকার মোইজে কিন!

প্রচণ্ড ক্ষুব্ধ হয় এভারটন, খুব রেগে যান ক্লাবের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিও। তখনই বোঝা গিয়েছিল, শাস্তি এড়াতে পারবেন না ২০ বছর বয়সী কিন। রবিবার সন্ধ্যায় দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, দুই সপ্তাহের বেতনের সমান প্রায় ১ লাখ ৬০ হাজার পাউন্ড জরিমানা দিতে হচ্ছে তাকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৮ লাখ ২২ হাজার ৯৭০ টাকা।

চেশায়ারের অ্যাপার্টমেন্টে কিন কয়েকজন নারী মডেলকে নিয়ে পার্টি তো দিয়েছেনই, সেটির ছবি তুলে নিজেই আবার পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে (স্ন্যাপচ্যাট)। ব্যস, গোটা যুক্তরাজ্য জুড়ে লকডাউনের সময় এই ছবিটি দেখে প্রথম রিপোর্ট করে স্পোর্টসমেইল।

সঙ্গে সঙ্গেই এক বিবৃতির মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এভারটন কর্তৃপক্ষ, ‘দলের প্রথম সারির একজন খেলোয়াড় করোনাভাইরাস সংকটে সরকারের নির্দেশনা ও ক্লাবের নীতি উপেক্ষা করে এমন একটি কাজ করেছে জানতে পেরে এভারটন ফুটবল ক্লাব মর্মাহত। ক্লাব এই খেলোয়াড়ের ব্যাপারে তীব্র হতাশা প্রকাশ করছে এবং পরিষ্কারভাবে জানাচ্ছে যে তার আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য।’

কোচ আনচেলত্তি খেলোয়াড়দের সঙ্গে যতই ‘সন্তানের মতো’ আচরণ করেন না কেন, শৃঙ্খলার ব্যাপারে তিনি খুবই কঠোর। ইতালিয়ান কোচই সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন যে তিনি চান দুই সপ্তাহের বেতনের সমান জরিমানা করা হোক এই খেলোয়াড়কে। নিজের দোষ স্বীকার করেও তাই পার পেলেন না কিন।

গত গ্রীষ্মে ৩ কোটি ৬০ লাখ পাউন্ডে চুক্তিতে ইতালি অনূর্ধ্ব-২১ দলের স্ট্রাইকারের সঙ্গে চুক্তি করে খুব উচ্ছ্বসিত ছিল এভারটন। কিন্তু প্রতিভা ও প্রতিশ্রুতির ঝলক দেখাতে কিন ব্যর্থ হয়েছেন এ পর্যন্ত।  ২৬ ম্যাচ খেলে গোল করতে পেরেছেন মাত্র একটি। এর আগেও শৃঙ্খলাভঙ্গের দায়ে অন্তত দুবার তার শাস্তি হয়েছে। অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে ইংল্যান্ড থেকে ইতালিতেই হয়তো ফিরে যেতে হচ্ছে আইভরিয়ান বংশোদ্ভুত তরুণকে।

এর আগে ম্যানচেস্টার সিটির রাইটব্যাক কাইল ওয়াকার লকাডউনের মধ্যে বাসায় যৌনকর্মী নিয়ে রাত কাটানোয় ক্লাবের ক্ষোভের মুখে পড়েন। যদিও তার কোনও শাস্তি হয়েছে বলে শোনা যায়নি।