তবে নতুন চুক্তিতে জেমি ডেকে দেওয়া হচ্ছে বাড়তি দায়িত্ব। সেটি হলো দেশের বাইরে থাকা বাংলাদেশি ফুটবলারদের খুঁজে বের করতে হবে ইংলিশ এই কোচকে। বিশেষ করে ইংল্যান্ডে। যদিও তার কাছে বিষয়টি নতুন কিছু নয়। আগের দুই বছরে কম-বেশি খোঁজার চেষ্টা করেছেন, তবে সফল হতে পারেননি। কিন্তু এবার চুক্তির সৌজন্যে বাধ্য হয়েই খুঁজে বের করতে হবে প্রবাসী ফুটবলার।
যদিও ইংলিশ কোচ জেমি ডে কাজটাকে একটু কঠিন-ই মনে করছেন। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে আমার কাছে এটা কঠিনই মনে হচ্ছে। বিশেষ করে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করা। এছাড়া অর্থের বিষয়টি তো রয়েছেই। যদি কোনও খেলোয়াড় খেলতে রাজি হয়, তাহলে তো ভালো। কিন্তু না হলে তো সমস্যা।’
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীসহ এর আগে একাধিক খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল তার। কোনও সুফল পাননি। সেই কথা মনে করিয়ে তিনি বলেছেন, ‘আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তারাও সেভাবে আগ্রহী ছিল না। তারা সবাই নিজের দেশের হয়েই খেলতে চায়। কারণ জন্ম যে তাদের সেখানে। তবে এবার প্রবাসী ফুটবলার পাওয়া যায় কি না, আরও ভালো করে দেখতে হবে।’
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ চুক্তির নতুন এই শর্ত নিয়ে বলেছেন, ‘জেমি ডে কে এবার প্রবাসী ফুটবলার বের করতে হবে। চুক্তির শর্তে আমরা এটা যোগ করে দিচ্ছি। আশা করছি তিনি সফল হবেন।’