ক্যারিয়ারের প্রথম দুই টেস্টের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন কাইল জেমিসন। আজ শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট আগামী ১২ মাসের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত ২০ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। জেমিসনের মতো প্রথমবার চুক্তিতে এসেছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। চুক্তি থেকে বাদ পড়েছেন সীমিত ওভারের ক্রিকেট স্পেশালিস্ট কলিন মানরো, লেগস্পিনার টড অ্যাস্টল ও ওপেনার জিৎ রাভাল।
বার্তা সংস্থা রয়টার্স কেন্দ্রীয় চুক্তিতে নতুন তিনজনের অন্তর্ভুক্তি সম্পর্কে সিলেকশন ম্যানেজার গেভিন লারসেনকে উদ্ধৃত করেছে এভাবে, ‘কাইল, এজাজ ও ডেভনের গত ১২ মাসের পারফরম্যান্সে আমরা মুগ্ধ। তাদের চুক্তিতে আনতে পারাটা আমাদের জন্য রোমাঞ্চকর ব্যাপার।’ ঘরের মাঠে সর্বশেষ ক্রিকেট সিরিজে ভারত-বধে জেমিসনের ভূমিকাটা বিশেষভাবে প্রশংসিত লারসেনের মুখে, ‘শক্তিশালী ভারতের বিপক্ষে কাইলের (জেমিসন) পারফরম্যান্সকে অসাধারণ বললেও কম বলা হয়। ২৫ বছর বয়সেই এমন কীর্তি নিশ্চিত করেই তার উজ্জ্বল ভবিষ্যতের কথা বলে।’ জেমিসন ভারতের বিপক্ষে গত দুই টেস্টের সিরিজে নিয়েছেন ৯ উইকেট, তার মধ্যে প্রথমবারের মতো আছে ইনিংসে প্রথম পাঁচ উইকেট শিকার। এই সিরিজে ধবলধোলাই হওয়ার পরিণতিই হলো ৪২ মাস পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে ভারতের ছিটকে পড়া।
২৮ বছর বয়সী কনওয়ে নিউজিল্যান্ডে তিন বছর বসবাসের শর্ত পূরণ করার পর গত আগস্টে নিউজিল্যান্ড দলে খেলার ছাড়পত্র পেয়েছেন। গত বছর নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের তিন সংস্করণেই সবচেয়ে বেশি রান করেছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ব্যাটসম্যান।