টুথপেস্ট কিনতে কোয়ারেন্টিন ভেঙেছেন বুন্দেসলিগার এই কোচ!

হেইকো হেরলিখ।কাল শুরু হচ্ছে বুন্দেসলিগা। অথচ লিগ শুরুর আগেই ধাক্কা খেতে হলো অগসবুর্গকে! কোয়ারেন্টিনের নিয়ম ভাঙায় ডাগ আউটে দাঁড়াতে পারবেন না দলটির কোচ হেইকো হেরলিখ।

শনিবার অগসবুর্গের প্রতিপক্ষ ভলসবুর্গ। হেরলিখ এই দলটির দায়িত্ব নিয়েছেন গত ১০ মার্চ। তাই এই ম্যাচটি দিয়েই প্রথমবার ডাগআউটে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু নিয়ম ভাঙার অপরাধে তা আর হচ্ছে না। হেরলিখ জানিয়েছেন ভুলবশত এমনটি করে ফেলেছেন তিনি, ‘আসলে আমি ভুলে হোটেল ছেড়ে বের হয়েছিলাম।’

করোনার কারণে প্রায় দুই মাস বন্ধ ছিল জার্মান লিগ। দলগুলো অপেক্ষায় থাকলেও এতদিন তারা কোয়ারেন্টিনেই ছিল। কিন্তু কেন এভাবে হোটেল থেকে বের হয়েছিলেন হেরলিখ? এর উত্তরে তিনি জানিয়েছেন, ‘আমার টুথপেস্ট শেষ হয়ে গিয়েছিল। তাই সুপারমার্কেটে গিয়েছিলাম।’

হোটেল ছেড়ে বের হলেও তিনি সব রকম সুরক্ষার বিষয়ে সতর্ক ছিলেন। তার পরেও কোচ হিসেবে এভাবে নিয়ম ভাঙতে পারেন না। তেমনটা নিজেও স্বীকার করেছেন হেরলিখ, ‘এই পরিস্থিতিতে আমি আমার দল ও সাধারণের জন্য রোল মডেল হয়ে থাকতে পারিনি। তাই ভুল স্বীকার করছি। যেহেতু আচরণবিধি ভঙ্গ করেছি, সে জন্য শুক্রবার অনুশীলনে থাকতে পারছি না। এমনকি শনিবারের ম্যাচেও দায়িত্ব নিতে পারছি না।’

 বাইরে যাওয়ায় আরও ঝামেলা পোহাতে হবে হেরলিখকে। দুটি করোনা টেস্টে নেগেটিভ আসলেই অনুশীলনের দায়িত্ব নিতে পারবেন তিনি!