মাত্র কদিন আগেই আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ সবাইকে ছাড়িয়ে গেছেন আরেকটি জায়গায়; গুগল বাংলাদেশে এই বছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন ব্যক্তিদের তালিকায় সবার ওপরে রয়েছেন কাটারখ্যাত মুস্তাফিজ। ২০১৫ সালের গুগলের ‘ইয়ার ইন সার্চ’ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ক্রিকেটে ২০১৫ সাল স্বপ্নের মতো কেটেছে। তাই গুগলের ‘ইয়ার ইন সার্চ’ প্রতিবেদনে দেখা গেছে ক্রিকেটারদের আধিপত্য। প্রতিবেদন অনুযায়ী, পেসার তাসকিন আহমেদ চতুর্থ ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা রয়েছেন নবম স্থানে। এর বাইরে সেরা দশে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি হলেন প্রয়াত বাংলাদেশি টিভি অভিনেতা-মডেল সায়েম সাদাত। তার অবস্থান সপ্তম।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। এ ছাড়া পঞ্চম স্থানে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী-মডেল-শিল্পী এরিয়েল উইন্টার, ষষ্ঠ স্থানে আমেরিকান বক্সার রন্ডা রাউসি, অষ্টম স্থানে ভারতীয় অভিনেত্রী সানি লিওনি এবং দশম স্থানে ভারতীয় অভিনেত্রী কারিশমা তান্নার জায়গা হয়েছে।
গুগল বাংলাদেশে খোঁজ করা হয়েছে এমন ব্যক্তিদের তালিকা:
১. মুস্তাফিজুর রহমান
২. এ. পি. জে. আবদুল কালাম
৩. রাধিকা আপ্তে
৪. তাসকিন আহমেদ
৫. অ্যারিয়েল উইন্টার
৬. রোন্ডা রাউসি
৭. সায়েম সাদাত
৮. সানি লিওন
৯. মাশরাফি বিন মুর্তজা
১০. কারিশমা তান্না
/এমআর/