সাবেক তিন ক্রিকেট অধিনায়ক স্মারক তুলছেন নিলামে

আকরাম খান, হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুলকরোনাভাইরাসের শুরু থেকেই বর্তমান ক্রিকেটাররা যে যার জায়গা থেকে অসহায় সাধারণ মানুষদের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছেন। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক হাবিবুল বাশার, আকরাম খান ও মোহাম্মদ আশরাফুল ।

চ্যারিটি সংগঠন বাংলাদেশ আর্ট উইকের মাধ্যমে ১৯ জুন রাত ৮টায় ভার্চুয়াল লাইভ অকশনের মাধ্যমে সাবেক তিন অধিনায়ক আকরাম খান, হাবিবুল বাশার এবং মোহাম্মদ আশরাফুলের স্মারক নিলামে উঠবে। করোনাকালে স্বল্প আয়ের সংগীত শিল্পী, চিত্রশিল্পী ও ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে মহৎ এক উদ্যোগে নিয়েছে বাংলাদেশ আর্ট উইক। নিলামের প্রাপ্ত অর্থ অসহায়দের মাঝে বণ্টন করা হবে। এমন আয়োজনের উদ্যোক্তা মোহাম্মদ মহসিন। তিনি বাংলাদেশ আর্ট উইকের কো-ফাউন্ডার। তার উদ্যোগেই বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার তাদের পছন্দের জার্সি-ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন। মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনার কারণে সবকিছুই তো বন্ধ। সাধারণ শিল্পীদের বেঁচে থাকাই কঠিন হয়ে গেছে। ফলে একেবারে অসহায় হয়ে পড়া সাধরাণ শিল্পীদের আমরা সাহায্য করবো। শুধু ক্রীড়াঙ্গন থেকেই নয়, গায়িকা, চিত্রশিল্পীরাও তাদের পছন্দের স্মারক নিলামে তুলছেন। ধন্যবাদ আকরাম, বাশার ও আশরাফুলকে। আমার প্রস্তাবে সাড়া দিয়ে তারা এগিয়ে এসেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অসহায় কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারবো।’

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় মাইলফলক হয়ে আছে ১৯৯৭ আইসিসি ট্রফি জয়। আইসিসি ট্রফি দলের অধিনায়ক ছিলেন আকরাম। ওই ট্রফি জয়ী দলটির সবার স্বাক্ষরিত একটি ব্যাট সাবেক এই অধিনায়ক নিলামে তুলবেন। বাংলা ট্রিবিউনকে তিনি জানিয়েছেন, ‘ আমার চট্টগ্রামের বাসায় তেমন কিছুই নেই। সব স্মারক ঢাকার বাসায়, নয়তো আরও কিছু তুলতাম। আমি দিচ্ছি আমার কাছে সবচেয়ে মূল্যবান স্মারক আইসিসি ট্রফি জয়ের পর সবার স্বাক্ষরিত একটি ব্যাট।’ হাবিবুল বাশার সতীর্থ আকরাম খানের কাছ থেকে এই নিলামের গল্প শুনেই আগ্রহী হয়ে ওঠেন। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট ম্যাচের জার্সি নিলামে তুলছেন তিনি। ওই ম্যাচে খেলা সকলের স্বাক্ষর রয়েছে ওই জার্সিতে। হাবিবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সত্যিই দারুণ লাগছে। প্রতিটি ভালো কাজেই দারুণ অনুভূতি হয়। আমি এর অংশীদার হতে পেরে গর্বিত। শেষ টেস্টের জার্সি বিক্রির অর্থ থেকে যদি অসহায় লোকদের কিছুটা সাহায্য হয়, সেটাই বড় পাওয়া।’

আকরাম ও হাবিবুলের দেখাদেখি মোহাম্মদ আশরাফুলও আর্ট উইকের  মাধ্যমে নিজের জার্সি নিলামে তুলছেন। গত মাসে নিজের পছন্দের ব্যাট নিলামে তুলতে গিয়েও তোলেননি নিলাম প্রক্রিয়ার অস্বচ্ছতার কারণে! কিন্তু এখানে প্রক্রিয়াটা ভালো লাগাতে ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ম্যাচের জার্সিটি নিলামে তুলছেন আশরাফুল। ওই জার্সি পরেই আশরাফুল ৮৩ বলে ৮৭ রানের  ইনিংসটি খেলেছিলেন। নিলামে তোলা প্রসঙ্গে আশরাফুল বলেছেন, ‘আকরাম ভাই আমার কাছে ২০০৭ সালে ওই ম্যাচের জার্সিটা চেয়েছিলেন। আমি নির্দ্বিধায় রাজি হয়ে গেলাম।  আর্ট উইক ভার্চুয়াল চ্যারিটি অকশনের মাধ্যমে স্বল্প আয়ের মিউজিশিয়ান, স্পোর্টসম্যান, আর্টিস্ট ও সাপোর্ট স্টাফদের জন্য ওরা ১৯ জুন একটি নিলাম অনুষ্ঠান আয়োজন করেছে। সবকিছু আমার কাছে ভালো মনে হওয়ায় জার্সিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। ওই জার্সিতে দলের সবাই অটোগ্রাফ দেওয়া আছে।’