আজ রবিবার মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৩৪ বছর বয়সী সুশান্তকে। তার কাছের লোকজন ও পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন ধোনির বায়োপিকের আগে ‘কাই পো চে’ ছবিতে প্রশংসনীয় অভিনয় করা অভিনেতা।
ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি শোকার্ত সুশান্তের অকাল মৃত্যুতে। ‘সুশান্ত সিং রাজপুতের খবরটা জেনে শোকাহত। এটা মেনে নেওয়া খুব কঠিন। তার আত্মার চিরশান্তি হোক এবং ঈশ্বর তার পরিবার ও বন্ধুদের এই শোক সইবার শক্তি দিন’-টুইট করেছেন কোহলি।
আরেকটি টুইটে ভারতের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান লিখেছেন, ‘খুবই শোকের এবং অবিশ্বাস্য এই খবর…। সুশান্ত সিং রাজপুতের পরিবারের জন্য আমার গভীর সমবেদনা ও প্রার্থনা। ঈশ্বর আপনার আত্মাকে শান্তিতে রাখুন।’
বক্সার বিজেন্দর কুমার লিখেছেন, ‘ভীষণ মর্মাহত। কেন, সুশান্ত সিং রাজপুত?’
ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইট করেছেন, ‘আমাকে স্বীকার করতেই হবে যে আমি বিধ্বস্ত।’
দিল্লি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়াশুনা ছেড়ে দিয়ে অভিনয়ের টানে রাজপুত চলে আসেন মুম্বাইয়ে। অভিনয়ের শুরুটা তার জি টিভিতে একতা কাপুরের ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’ দিয়ে। প্রায় সব ছবিতেই তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। ২০১৫ সালে দিবাকর ব্যানার্জির ছবি গোয়েন্দা ব্যোমকেশ বকশীতে অভিনয় শিল্প সমালোচকদের কাছে প্রশংসিত হয় দারুণভাবে। কেদারনাথ, শুদ্ধ দেশি রোমান্স এবং ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরির’ পর তাকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের ‘ড্রাইভে’।