এবার কী রহস্য ইউরোপীয় ফুটবলের দলবদলে?

00143b6c-500ইউরোপীয় ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা (উইন্ডো) সাধারণত সেপ্টেম্বরের শুরুর দিকেই শেষ হয়ে যায়। যদিও সব দেশ এটি অনুসরণ করতো না। কিন্তু এবার করোনাভাইরাস মহামারির কারণে পরিস্থিতি ভিন্ন, তবু দলবদল শেষ পর্যন্ত স্থগিত হয়নি। দলবদল কার্যক্রম চলবে এবং বুধবার উয়েফা ঘোষণা দিয়েছে এবার সমন্বিত দলবদলের উইন্ডো বন্ধ হবে আগামী ৫ অক্টোবর।

ইউরোপের মহাদেশীয় ফুটবল সংস্থা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভার পর জানিয়েছে পরবর্তী মৌসুমের ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ের খেলা শুরুর আগে ৬ অক্টোবর পর্যন্ত ক্লাবগুলো খেলোয়াড় নিবন্ধন করতে পারবে।

২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরু হবে ২০ অক্টোবর থেকে, আর ইউরোপা লিগার গ্রুপ পর্ব তার দুদিন পর থেকে।

গত মার্চের মাঝামাঝি থেকে ২০১৯-২০২০ ফুটবল মৌসুম বিঘ্নিত হয়েছে করোনাভাইরাসের কারণে। এখন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে ফুটবলকে। কয়েকটি দেশে অসমাপ্ত মৌসুম শেষ করার লক্ষ্যে সবেই মাঠে নামলো আবার। ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্পেনের লা লিগা জুলাইয়ের আগে শেষ হচ্ছে না। ইতালির সিরি আ শেষ হবে আগস্টের শুরুতে গিয়ে।

উয়েফা বুধবার জানিয়ে দিয়েছে সরাসরি ‘ফাইনাল আট’ ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগ ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের রাজধানী লিসবনে ১২ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২৩ আগস্ট। একইভাবে জার্মানির চার নগরীতে শুরু ইউরোপা লিগ ২১ আগস্ট শেষ হবে কোলনের ফাইনাল দিয়ে।

ফিফা এরই মধ্যে সদস্য দেশগুলোকে দলবদলের সময়সূচি উন্মুক্ত করার অনুমতি দিয়ে দিয়েছে, যার বিস্তৃতি চার সপ্তাহ এবং চলবে অসমাপ্ত মৌসুম শেষ হওয়া পর্যন্ত। যদিও দলে নতুন যোগ দেওয়া খেলোয়াড়েরা আগামী মৌসুমেই কেবল সংশ্লিষ্ট দলের হয়ে খেলতে পারবেন।

দলবদল আদৌ হবে কি হবে না সেই সংশয় ছিল। এখন আর তা নেই। তবে অনিশ্চিত পরিস্থিতিতেও দলবদল নিয়ে জল্পনা-কল্পনার অন্ত ছিল না। সমানে চলেছে ‘ট্রান্সফার গসিপ’। এই জল্পনায় সবচেয়ে বড় নাম অবশ্যই নেইমার ও লাউতারো মার্টিনেজ। শোনা যাচ্ছিল পিএসজি থেকে আবার পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরে আসছেন ব্রাজিল তারকা নেইমার। এই জল্পনা এখন থিতিয়ে গেছে। ইন্টার মিলানের তরুণ আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতার মার্টিনেজ বার্সেলোনায় এসে গেলেন বলে, এমন উত্তেজনা গ্রাস করেছিল লকডাউনের প্রায় পুরোটা সময়। জল্পনা ছিল বরুসিয়া ডর্টমুন্ডের তরুণ ইংলিশ মিডফিল্ডার জ্যাডন সাঞ্চো আসছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। আরবি লাইপজিগের জার্মান ফরোয়ার্ড টিমো ভারনার আসছেন চেলসিতে, জোর গুঞ্জন ছিল। এ পর্যন্ত সত্যি হয়েছে শুধু শেষেরটাই, ভারনারের চেলসিতে আসাটাই নিশ্চিত।

রাজনীতিতে যেমন শেষকথা বলে কিছু নেই, ফুটবলের দলবদলও অনেকটা সেরকম। দেখা যাক, উয়েফার খুলে দেওয়া দলবদল উইন্ডো কীভাবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটায়!