খারাপ ফল, বেতিসে চাকরি নেই রুবির

বরখাস্ত বেতিস কোচ রুবিপেশাদার ফুটবল কোচদের চাকরি ঝুলে থাকে সরু তারের ওপর। এই আছে তো এই নেই। ক্লাবে কোচ আসে, কোচ যায়-এটাই চিরন্তন ধারা। এ মৌসুমের শেষেই হয়তো কারো কারো ওপর কোপটা পড়তো। তবে করোনা সংকটের মধ্যে আবার শুরু হওয়া ফুটবলে প্রথম চাকরি হারালেন স্পেনের রিয়াল বেতিসের কোচ হুয়ান ফ্রানসেস্ক ‘রুবি’ ফেরের। রুবি নামেই যিনি পরিচিত।

লা লিগা আবার শুরুর পর টানা তিন ম্যাচে জয় নেই। একটি ড্রয়ের পাশে হার দুটি ম্যাচে। এরই মূল্য দিতে হলো বেতিসের ৫০ বছর বয়সী কোচকে। অথচ এস্পানিওলে খুব ভালো করার পর এ মৌসুমে তাকে কোচ করে আনা ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার লক্ষ্যে। সেটি তো হয়ইনি, সর্বশেষ আথলেতিক বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরে বেতিস নেমে গেছে ১৪তম স্থানে। পুরো লা লিগায় বেতিস এ পর্যন্ত জয়ের মুখ দেখেছে আটবার।

আবার শুরু হওয়া লিগের প্রথম ম্যাচে সেভিয়ার মাঠে সেভিয়া ডার্বি হারে ২-০ গোলে, নিজেদের মাঠে গ্রানাডার সঙ্গে ড্র করে ২-২ গোলে। শনিবার আথলেতিকের কাছে হারের সঙ্গে সঙ্গেই বরখাস্ত রুবি।

মৌসুমের বাকি অংশের জন্য বেতিস প্রধান কোচের দায়িত্ব দিয়েছে স্পোর্টিং ডিরেক্টর, ক্লাবেরই সাবেক খেলোয়াড় অ্যালেক্সিস ত্রুইয়োকে। আগামী বৃহস্পতিবারই যাকে মুখোমুখি হতে হবে তলানির দল এস্পানিওলের।