বাছাইয়ে চ্যাম্পিয়ন নিয়াজ মোর্শেদ

নিয়াজ মোর্শেদ। কিছু দিন আগেই হয়ে গেছে এশিয়ান অনূর্ধ্ব-২০ জুনিয়র অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপ। অনলাইনে এবার সিনিয়র দাবাড়ুদের নিয়েও হচ্ছে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা। সেখানে বাছাইপর্বে সাফল্যের দেখা পেয়েছেন বাংলাদেশের দাবাড়ুরা। এশিয়ান জোন-৩.২-এর বাছাই পর্বের ঊর্ধ্ব-৫০ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ।

শুক্রবারের র‌্যাপিড পদ্ধতির এই প্রতিযোগিতায় নিয়াজ ৭ খেলাতে পেয়েছেন সাড়ে ছয় পয়েন্ট। একই গ্রুপে নেপালের ছত্রি রাম বাহাদুর পাঁচ পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন। আর বাংলাদেশের মো. মহসিন জামাল ৫ পয়েন্ট নিয়ে হয়েছেন তৃতীয়।

এছাড়া ওপেন বিভাগে ঊর্ধ্ব-৬৫ গ্রুপের বাছাইয়ে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ রানার-আপ হয়েছেন। তার অর্জন ৭ খেলাতে ৬ পয়েন্ট। এই বিভাগে চ্যাম্পিয়ন পাকিস্তানের মুহাম্মদ আফজাল মেনগান।

বাংলাদেশ হতে চারজন দাবাড়ু চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ও মো. মহসিন জামাল এবং বিশেষ বিবেচনায় মহিলাদের বিভাগে খেলবেন ফিদে মাস্টার জাকিয়া সুলতানা। এই তিনজনই খেলবেন ঊর্ধ্ব-৫০ বিভাগে। এছাড়া রানী হামিদ খেলবেন ঊর্ধ্ব-৬৫ বিভাগে।

ঊর্ধ্ব-৫০ গ্রুপে বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ৩০ জন খেলোয়াড় এবং ঊর্ধ্ব-৬৫ গ্রুপে বাংলাদেশ, মালদ্বীপ ও পাকিস্তানের ৮ জন করে খেলোয়াড় অংশ নেন।

আগামী ২০ জুলাই ঊর্ধ্ব-৬৫ গ্রুপের এবং ২১ জুলাই ঊর্ধ্ব-৫০ গ্রুপের চূড়ান্ত পর্বের খেলা হবে। চূড়ান্ত পর্বে এশিয়া ও ওশেনিয়ার ৭টি জোন থেকে প্রতিটি বিভাগে ২৮ জন করে খেলোয়াড়ের অংশ নেওয়ার কথা আছে।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় সব প্রতিযোগী খেলেছেন বাসায় বসেই।