এই অনুশীলনকে বড় সুযোগ হিসেবে দেখছেন ইমরুল

মিরপুর স্টেডিয়ামে ইমরুল কায়েস। মাঠে ক্রিকেট ফেরার দিন তিন ক্রিকেটার অনুশীলন করলেও সূচি অনুযায়ী সোমবারই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন ইমরুল কায়েস। কিন্তু বৃষ্টি বাগড়া দেওয়াতে খোলা আকাশের নিচে রানিং সেশন করতে পারেননি। সবগুলো সেশন শেষ করেছেন  ইনডোরেই

ইমরুলের ব্যাটিংয়ের আগে অবশ্য নেটে সময় কাটিয়ে গেছেন মোহাম্মদ মিঠুন। সকাল সাড়ে ১০টায় ব্যাটিং করার কথা থাকলেও এর আগেই অনুশীলন শুরু করেন তিনি। বৃষ্টির সকালে ঘণ্টাখানেকের বেশি সময় ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন।

ইমরুলের ক্ষেত্রে পরিস্থিতিটা একটু ভিন্নই। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আগেই চোটের কারণে তাকে বাইরে থাকতে হয়েছিল। তাই দীর্ঘদিন পর মাঠে ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত জাতীয় দলের এই ওপেনার। বৃষ্টির কারণে ভালো করে রানিং করতে না পারলেও ইনডোরেই পুরোটা সময় থ্রো ডাউনে ব্যাট করেছেন। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় প্রথম দিনের অভিজ্ঞতার কথা শুনিয়েছেন ইমরুল, ‘প্রায় চার মাস পর ব্যাটিং করলাম। একটু অন্যরকম অনুভূতি, খুব ভালো লাগছে। ঘরে বসে আমরা ওয়ার্কআউট বা জিম করেছি কিন্তু ব্যাটিং করার অভ্যাসটা গড়ে উঠেনি। চার মাস পর ব্যাটিং করে তাই খুব ভালো লাগছে।’

ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন ইমরুল। করোনার কারণে গত ১৭ মার্চের পর ক্রিকেটাররা গৃহবন্দিই হয়ে ছিলেন। এর আগে ব্যস্ত ছিলেন প্রিমিয়ার লিগ নিয়ে। এই সময়ে নিয়মিত ফিটনেস এবং স্কিল ট্রেনিংয়ে ছিলেন তারা। তবে ইমরুল চোট সারিয়ে ওঠায় নিজেকে তৈরির জন্য এই অনুশীলনকে বড় সুযোগ হিসেবেই দেখছেন, ‘আশা করি সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো। এখন একটা ফাঁকা সময় আছে। স্কিল আর ফিটনেস নিয়ে কাজ করতে পারবো। আমার মনে হয় এটা খুব ভালো সময় খেলোয়াড়দের জন্য। আমরা যদি সময়টা কাজে লাগাতে পারি, তাহলে আরেক ধাপ এগিয়ে যেতে পারবো।’