সেমিফাইনালে নাভাসকে পাচ্ছে না পিএসজি

কেইলর নাভাস। সেই ১৯৯৫ সালের পর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে খেলতে যাচ্ছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। অথচ শেষ চারের ময়দানী এই লড়াইয়ের আগে চোট হানা দিয়েছে ফরাসি জায়ান্টদের শিবিরে। অভিজ্ঞ গোলরক্ষক কেইলর নাভাস ছিটকে গেছেন এই ম্যাচ থেকে।

কোস্টারিকান গোলকিপার নাভাস চোট আক্রান্ত হয়েছেন কোয়ার্টার ফাইনালেই। আতালান্তার বিপক্ষে অবিশ্বাস্য জয়ের দিনই ম্যাচ শেষের আগে পেশির চোট নিয়ে মাঠ ছেড়ে গেছেন। ফলে মঙ্গলবার দিবাগত রাতে লিপজিগের বিপক্ষে খেলা হচ্ছে না তার। নাভাসের বদলে খেলবেন এই মৌসুমে মাত্র ৯ ম্যাচ খেলা স্পেনের সার্জিও রিকো।

নাভাসের না থাকা পিএসজির জন্য বড় ধাক্কাই। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন তিনবার । কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই থাকছেন না তিনি। তার ওপর চোটের কারণে মিডফিল্ডার ইডরিসা গুয়ের খেলা নিয়েও রয়েছে সংশয়। তবে কিছু শারীরিক জটিলতা থাকার পরেও অনুশীলনে যোগ দিয়েছেন মার্কো ভেরাত্তি, থিয়াগো সিলভা ও লেইভিন কুরজাওয়া।