করোনা মুক্ত হয়েও ইউএস ওপেনে খেলছেন না নিশিকোরি

কেই নিশিকোরি।ইউএস ওপেন থেকে হাইপ্রোফাইল তারকাদের নাম প্রত্যাহারের তালিকা দীর্ঘ হলো আরও। এবার আসন্ন এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন, জাপানের কেই নিশিকোরি।

গত শুক্রবারই দ্বিতীয় দফা করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেন তিনি। যা তার ইউএস ওপেনে অংশ নেওয়াকে সংশয়ের মাঝে ফেলে দেয়। বুধবার নতুন পরীক্ষায় করোনা মুক্ত হওয়ার খবর দিলেও টুর্নামেন্টের আগে পুরোপুরি ফিট না হওয়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

করোনা নেগেটিভ হওয়ার খবর দিয়ে জাপানি এই তারকা জানিয়েছেন, ‘আনন্দের সঙ্গেই জানাচ্ছি, আমি করোনা নেগেটিভ হয়েছি। আশা করছি ধীরে ধীরে অনুশীলনে বৃহস্পতিবার থেকে ফিরতে পারবো।’

এরপর বলেছেন, ‘আমার দলসহ নিজে ইউএস ওপেন না খেলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ দীর্ঘ বিরতির পর আমার মনে হয়েছে, পুরোপুরি প্রস্তত না হয়ে দীর্ঘ এই টুর্নামেন্ট খেলার সিদ্ধান্তটা বুদ্ধিদীপ্ত হবে না।’

তবে নাম প্রত্যাহার করে নিজেও খুব খুশি নন নিশিকোরি। কারণ এই টুর্নামেন্টেই ২০১৪ সালে রানার্স আপ হয়েছিলেন। এর ফলে এশিয়ান অঞ্চল থেকে প্রথমবার কোনও পুরুষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের এককে রানার্স আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছিল। তাই হতাশা গোপন করেননি, ‘আমার জন্য বিষয়টা হতাশারই। কারণ আমি ইউএস ওপেনকে খুবই ভালোবাসি, এখানে আমার অসাধারণ স্মৃতিও রয়েছে।’