ক্যাম্প শুরু হলেও এই বছর মেয়েদের আন্তর্জাতিক সূচিতে কোনও খেলা নেই। সাফের বয়স ভিত্তিক ফুটবল হওয়ার সম্ভাবনাও খুব কম। তার পরেও মেয়েদের নিবিড় অনুশীলনের স্বার্থে আবাসিক ক্যাম্প শুরু করতে চাইছে বাফুফে।
বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার সেই কথাই জানিয়েছেন বাংলা ট্রিবিউনকে, ‘অনেক দিন ধরেই মেয়েরা ক্যাম্পের বাইরে আছে। আবাসিক অনুশীলনে না থাকার কারণে তাদের ফিটনেস আগের মতো থাকবে কিনা কিছুটা সংশয় আছে। যদিও কোচ গোলাম রব্বানী ছোটন অনলাইনে তাদের দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তাই আমরা অক্টোবর থেকে অনুশীলন শুরু করতে যাচ্ছি। যেন আগামী বছরের শুরুতে আন্তর্জাতিক খেলার সূচি হলে তখন অংশ নিতে সুবিধা হয়।’
অনুশীলন শুরু হলে লাভটা হবে সবারই। কারণ আগামী নভেম্বরে মেয়েদের স্থগিত ফুটবল লিগও শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে ক্লাবগুলোকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।