করোনার উপসর্গ থাকলে ভোট দেওয়া যাবে না

বাফুফে লোগোপুরো বিশ্বের সঙ্গে বাংলাদেশেরও লড়াই চলছে করোনাভাইরাসের সঙ্গে। এরইমধ্যে ধীরেসুস্থে সবকিছু স্বাভাবিক করে আনার চেষ্টা চলছে। তবে সবকিছুই হচ্ছে স্বাস্থ্য বিধি মেনে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি প্রাধান্য পাচ্ছে।  স্বাস্থ্যবিধি মেনেই সব নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।

ভোট কেন্দ্রে ঢোকার আগে কোনও ভোটার কিংবা ডেলিগেটের করোনা উপসর্গ দেখা গেলেই তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি ভোটও দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন এমনই সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৩ অক্টোবর বাফুফের নির্বাচন হবে। সকালে হবে কংগ্রেস। দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ১৩৯ জন কাউন্সিলর আগামী চার বছরের জন্য ফুটবলে নতুন নির্বাহী কমিটি নির্ধারণ করবেন।

করোনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দিন বৃহস্পতিবার বলেছেন,‘আমরা করোনার বিষয় চিন্তা করেই সবকিছু নির্ধারণ করেছি। নির্বাচনের দিন কারও মধ্যে কোভিড লক্ষণ দেখা দিলে তিনি ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন না। সেটা আমি হলেও একইকথা প্রযোজ্য হবে। আগে তার শরীরের তাপমাত্রা মাপা হবে। বেশি হলে তিনি প্রবেশ করতে পারবেন না। আমাদের এখানে আসলে কিছু করার নেই। এছাড়া কংগ্রেসের ভেন্যুতে ৬ ফুট দূরত্বে সবাই বসবেন। কেউ কারও সঙ্গে কোনকিছু লেনদেন করতে পারবেন না।’

বাফুফের ২১টি নির্বাহী পদে নির্বাচন হবে। ভোটারদের সবকটি পদেই ভোট দিতে হবে। সবগুলো পদে ভোট না দিলে সেই ব্যালট গণনার জন্য গৃহীত হবে না। উদাহরণস্বরূপ, সহ-সভাপতি পদ চারটি, একজন ভোটারকে চারটি পদেই ভোট দিতে হবে। অন্যথায় সেই পদে ভোট গণনা করা হবে না।

প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেছেন,‘আশা করছি সবাই নির্বাচনী বিধি মেনে চলবেন। সবাই ২১টি পদেই ভোট দেবেন।’