বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা চেষ্টা করছি যেন কাল (সোমবার) থেকেই ক্রিকেটারদের নমুনা নেওয়া শুরু করতে পারি। আমাদের লজিস্টিক কিছু কাজ বাকি আছে। সবার বাসায় গিয়ে নমুনা নিতে হবে। এ কারণে সবার বাসার ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।’
আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-যাত্রার প্রস্তুতি জাতীয় দলের। এর আগে ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে ২০-২২ সদস্যের দল ঘোষণা করা হবে। দলে ডাক পাওয়া ক্রিকেটারদের শুরুতে তিন দফা করোনা পরীক্ষা করার কথা থাকলেও এখন চারবার করা হবে। করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটারদের ২০ সেপ্টেম্বর হোটেলে তোলা হবে। হোটেলে থেকেই কয়েকদিন দলীয় অনুশীলনে অংশ নিয়ে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে জাতীয় দল ও হাই-পারফরম্যান্স দলের (এইচপি) রওনা দেওয়ার কথা।
গত সপ্তাহে সাপোর্ট স্টাফদের কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। যার কারণে কয়েকদিন ধরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন বন্ধ আছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিসিবি একটু আগেই করোনা পরীক্ষা করাতে যাচ্ছে।
ডাঃ দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আগের পরিকল্পনা অনুযায়ী তিনটি পরীক্ষা করার কথা ছিল। পরে আমরা চিন্তা করেছি, একটি পরীক্ষা বাড়িয়ে করবো। সেটার জন্যই কাল ( সোমবার) থেকে নমুনা সংগ্রহ শুরু হবে। আগে ১৮ তারিখ থেকে তিনটি পরীক্ষা করার পরিকল্পনা ছিল। সবমিলিয়ে চারটি পরীক্ষা হবে জাতীয় দল ও এইচপি দলের। ১৮, ২১ এবং ২৪ সেপ্টেম্বর বাকি তিনটি পরীক্ষা হবে।’
এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘যারা অনুশীলন করছে বা করে আসছে তাদের টেস্ট আমরা করে ফেলব। কেননা এখন দেখা যাচ্ছে এটা বেশি ছড়িয়ে যাচ্ছে। যেহেতু জাতীয় দল ও এইচপি দল এই মাঠে অনুশীলন করবে, সেহেতু মাঠের প্রস্তুতিটাও বড় ব্যাপার। সবকিছু বিবেচনা করে সতর্কতার অংশ হিসেবেই এটা করা হচ্ছে।’
২৭ সেপ্টেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশ দলের। আর দেশে ক্যাম্প শুরু হবে ২১ সেপ্টেম্বর। ফলে মাত্র দুই দিন অনুশীলন করেই শ্রীলঙ্কা যেতে হবে মুশফিক-তামিমদের। করোনার কারণে সিরিজের পুরো প্রস্তুতি ডাম্বুলাতে নেবে বাংলাদেশ। টেস্টের একমাস আগে সেখানে বাংলাদেশের হাই-পারফরম্যান্স ইউনিটের সঙ্গে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন মুমিনুলরা।