গাভাস্কারের বাজে মন্তব্য নিয়ে সমালোচনা, ক্ষুব্ধ আনুশকাও

927291-anushka-virat-sunil-gavaskarআইপিএল ধারাভাষ্যে বাজে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। আর সেই মন্তব্যটা করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে কেন্দ্র করে। অবশ্য শুধু কোহলিকে কেন্দ্র করে মন্তব্যটা করলে বিষয়টা এত দূর গড়াতো না। গাভাস্কার কোহলির সন্তান সম্ভবা স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকেও  জড়িয়েছেন তাতে।

গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে বাজে পারফরম্যান্স করাতেই কোহলির সমালোচনায় মুখর ছিলেন গাভাস্কার। বেঙ্গালুরু অধিনায়ক পর পর দুবার লোকেশ রাহুলের ক্যাচ মিস করেছেন। তার পর ব্যাটিংয়েও ছিল বাজে অবস্থা। মাত্র এক রানে আউট হয়ে ফিরে গেছেন সাজঘরে। এর পরেই গাভাস্কার মন্তব্য করে বসেন, ‘এই লকডাউনের সময় বিরাট কোহলি শুধু আনুশকার বোলিংয়েই অনুশীলন করেছে।’

করোনার লকডাউনের সময় কোহলি-আনুশকার একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছিল। যেখানে দেখা যায় নিজেদের বাড়িতে ক্রিকেট খেলেছন এই তারকা দম্পতি। সেই ভিডিওর কথাই উপস্থাপন করেছেন গাভাস্কার।  

অবশ্য এমন রুচিহীন মন্তব্য বিরাটের অনুসারীরা মোটেও ভালোভাবে নেননি। তারা গাভাস্কারকে ধারাভাষ্যের প্যানেল থেকে বাদ দেওয়ার জোড় দাবি তুলেছেন সামাজিক মাধ্যমে। এর সঙ্গে প্রতিবাদ জানিয়েছেন আনুশকা শর্মাও। রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি, ‘জনাব গাভাস্কার, আপনার মন্তব্যটা মোটেও রূচিপূ্র্ণ নয়। তবে একটা বিষয়ের ব্যাখ্যা আপনার কাছে চাই, স্বামীর খেলার জন্য তার স্ত্রীকে দায়ী করার মতো ভাবনা আপনি কী করে ভাবলেন? আমি নিশ্চিত যে, ধারাভাষ্য প্রদানকালে আপনি সব সময়ই ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনকে শ্রদ্ধা করে এসেছেন। আপনার কি মনে হয় না, একই রকম শ্রদ্ধা আমাদের দু'জনেরই প্রাপ্য?
এর পরেই গাভাস্কারকে উদ্দেশ্যে করে আনুশকা বলেছেন , ‘আমি আরও জানি, গতকাল রাতে আমার স্বামীর পারফরম্যান্স নিয়ে আপনি আরও অনেক ধরনের ভাষাই প্রয়োগ করতে পারতেন। নাকি আমার নাম ব্যবহার করলেই আপনার কথাগুলো প্রাসঙ্গিক হয়ে উঠে?’