ইওয়াখিম ল্যোভের দল জয় পায়নি আগের ৬টির কোনও ম্যাচেই। কিন্তু শনিবার ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচে অন্য রূপেই দেখা গেলো জার্মানিকে।
ইউক্রেনের মাঠে ২০ মিনিটে এগিয়ে শুরু। রুডিগারের পাস থেকে গোলটি করেছেন ম্যাথিয়াস জিন্টার। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে লিওন গোরেৎজকার গোলে ব্যবধান দাঁড়ায় ২-০। তবে ৭৬ মিনিটে জার্মানি ফাউল করলে পেনাল্টির সুবাদে একটি গোল শোধ দেয় ইউক্রেন। রুসলান মালিননোভস্কির করেন সেই গোল। এর পর ব্যবধানে হেরফের হয়নি।
নেশনস লিগের উদ্বোধনী ম্যাচের দুই বছর পর জয় পাওয়া জার্মানি গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
এদিকে একই গ্রুপের অপর ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শীর্ষেই রয়েছে স্পেন। কোচ লুই এনরিকে এই ম্যাচে কিছুটা পরীক্ষার পথে হেঁটেছিলেন। তরুণদের জায়গা দিয়ে সঙ্গে রেখেছিলেন অভিজ্ঞ কয়েকজনকে। ফলে জয় তুলে নিতে স্পেন সক্ষম হলেও সেরাটা বের করে আনতে পারেনি। বরং স্পেনের প্রথম গোলের আগে সুবর্ণ সুযোগ তৈরি করে ফেলেছিল সুইজারল্যান্ডই। লরিস বেনিতো দুর্দান্ত শট নিলে দারুণ দক্ষতায় সেটি ঠেকিয়ে দিয়েছেন স্প্যানিশ গোলকিপার দাভিদ দে গেয়া। তবে ১৪ মিনিটে মিকেল ওইয়ারজাবালের গোলটিই স্পেনের জয়ের জন্য ছিল যথেষ্ট। সুইজারল্যান্ড বার কয়েক চেষ্টা করেও আর জাল কাঁপাতে পারেনি।
বার্সার টিনএজ সেনসেশন আনসু ফাতি স্পেনের হয়েও ত্রাস ছড়িয়েছেন এদিন। তবে স্কোর লাইনে আর পরিবর্তন আনতে পারেননি।