দুই তামিমের ওপেনিং জুটি দেখার অপেক্ষায় মিরপুর

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিম। তামিম একাদশের হয়ে মঙ্গলবার বিসিবি প্রেসিডেন্টস কাপে মাঠে নামবেন। বাংলাদেশের সেরা ওপেনার তামিমের খেলা টিভিতে দেখেই একসময় তার সঙ্গে ওপেন করার স্বপ্ন দেখতেন জুনিয়র তামিম। নামের মতো ব্যাটিংয়ের ধরনেও মিল আছে দুজনের। তামিমের মতো তানজিদ হাসান তামিমও আক্রমণাত্মক ওপেনার, আবার বাঁহাতি। মঙ্গলবারের ম্যাচে দুজনকেই একসঙ্গে দেখা যাবে ওপেন করতে, জুনিয়র তামিমের স্বপ্নটা পূরণ হতে আর বাকি কয়েক ঘন্টা!

মঙ্গলবার দুপুর দেড়টায় মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে তামিমের দল। ম্যাচ শুরুর আগে তরুণ তামিমকে প্রশংসায় ভেজালেন সিনিয়র তামিম। সঙ্গে জুনিয়র তামিমের ওপেন করার বিষয়টিও নিশ্চিত করেছেন, ‘কাল (মঙ্গলবার) আরেক তামিমের সঙ্গে ওপেন করবো। ওকে যতটা দেখলাম, ওর সাথে নেট শেয়ার করেছি। বেশ সম্ভাবনাময় খেলোয়াড়। আশা করি ও অনেক দূর যাবে। আমিও ওর সঙ্গে ওপেন করার জন্য অপেক্ষা করছি।’ একই দলে তামিম নামে দুজন। পেছনে থেকে ডাকলে দুজন ঘাড় ঘুরিয়ে তাকাতে হবে। এসব নিয়ে তামিম একটু দ্বিধায়, হাসতে হাসতে বললেন, ‘আমরা একটু দ্বিধান্বিত হয়ে যাই। এতদিন তো সবাই তামিম ভাই বলে ডাকতো, এখন অনেকে ওকে তামিম বলে ডাকে; ফলে দুজনকেই তাকাতে হয়। আমি তাই বলেছি ওকে যদি অন্য কোনও নামে ডাকা যায়!’

স্বপ্ন ছোঁয়ার সামনে দাঁড়িয়ে জুনিয়র তামিমও জানালেন নিজের অনুভূতি, ‘তামিম ভাইয়ের সঙ্গে খেলার সুযোগটা সত্যিই আমার জন্য দারুণ ব্যাপার। এটা তো আমার স্বপ্ন ছিল। ছোটবেলায় এই স্বপ্ন দেখে ক্রিকেটার হয়েছি। তার ব্যাটিং দেখে বড় হওয়া। তার সঙ্গে ওপেন করার স্বপ্নটা সত্যি হলে এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি হবে।’

যুব বিশ্বকাপে তামিম ২৭.৬৬ গড়ে ১৬৬ রান করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ৮০ রানের দুর্দান্ত একটি ইনিংস। বিশ্বকাপ থেকে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে করেছেন ১২৫ রান। এরপর বিসিএলসহ প্রিমিয়ার লিগের এক ম্যাচেও খুব ভালো করেছিলেন। কিন্তু করোনার কারণে লিগ স্থগিত হওয়ার পর মাঠের বাইরে থাকতে হয়েছে যুব বিশ্বকাপজয়ীকে।