পদত্যাগ করবেন ফন গাল!

টানা চার ম্যাচ হার। গত সাত ম্যাচে জয়হীন। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব থেকে বিদায়। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে অবস্থান ছয় নম্বরে। গত ৫০ বছরে এমন বাজে সময় কাটায়নি ম্যাচেস্টার ইউনাইটেড।2452082_heroa

এমন বাজে পারফরম্যান্সের কারণে বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে কোচ লুইস ফন গালের। এই ডাচ কোচও হয়তো নিজের ভবিষ্যত আন্দাজ করতে পেরেছেন। যে কারণে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি থেকে নিজ থেকেই সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন।

শনিবার ম্যাচ শেষ ফন গালকে জিজ্ঞেস করা হয় বরখাস্ত হওয়ার ভয় পাচ্ছেন কিনা? ক্ষুব্ধ ফন গাল বলেন, ‘এই বিষয় নিয়ে আমি ক্লাবের নির্বাহী প্রধানের সঙ্গে আলোচনা করবো; আপনার সঙ্গে নয়। সব সময়ই ক্লাব কাউকে ছুরির নিচে ফেলবে বা ছাঁটাই করবে ব্যাপারটি এমন না-ও হতে পারে। আমি নিজেও সরে দাঁড়াতে পারি।'

তিনি আরও বলেন, ‘সব সময়ই আমি ক্লাবের সমর্থন পেয়ে এসেছি। কিন্তু আমরা বেশ কয়েকটি ম্যাচে টানা হারার কারণে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমি খেলোয়াড় ও বোর্ডের কাছ থেকে এখনও সমর্থন পেয়ে যাচ্ছি। তবে সমর্থকরা হতাশ হওয়ারই কথা। টানা চার হারের পর তাদের হতাশ হওয়াটাও যৌক্তিক।’

/এমআর/