মস্তিষ্কে অস্ত্রোপচার করাতে হয়েছে ম্যারাডোনার

ডিয়েগো ম্যারাডোনা।তেমন সমস্যা নেই ডিয়েগো ম্যারাডোনার−এমন কথা শোনা গিয়েছিল আগের দিন। পরে জানা গেলো, বিষয়টা আসলেই গুরুতর। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী এই তারকার। মঙ্গলবার করা সেই অস্ত্রোপচার অবশ্য সফলও হয়েছে।

সফল অস্ত্রোপচারের পর তার চিকিৎসক লিওপোলডো লুক বলেছেন, ‘তার জমাট বাঁধা রক্তগুলো অপসারণ করা গেছে। ম্যারাডোনাও সার্জারিটা ভালোভাবে সহ্য করেছে।’

সর্বশেষ শুক্রবার নিজের জন্মদিন উপলক্ষে জনসম্মুখে এসেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এরপর তার দল জিমনাশিয়া লা প্লাতার লিগ ম্যাচে উপস্থিত হয়েছিলেন ঠিকই। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। শুরুর আগে অসুস্থতার কারণে মাঠ ত্যাগ করে গেছেন।

ম্যারাডোনার অসুস্থতার খবরে অনেক ভক্ত ভিড় জমিয়েছিলেন বুয়েন্স এইরেসের অলিভোস ক্লিনিকে। যেখানে ম্যারাডোনা এখন ভর্তি আছেন।

সোমবার প্রথমে ভর্তি হয়েছিলেন লা প্লাতার ইপেনসা ক্লিনিকে। তখন তার মাঝে রক্তশূন্যতা, পানিশূন্যতা, অবসাদের শারীরিক জটিলতাগুলো ছিল। পরে মঙ্গলবার এমআরআই করালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে।

আর্জেন্টাইন কিংবদন্তির বর্তমান অবস্থা নিয়ে লিওপোলডো বলেছেন, ‘ডিয়েগোর অবস্থা এখন নিয়ন্ত্রণে। শরীরে কিছু জটিলতা আছে, যেগুলো কাল হয়তো নিরীক্ষণ করা হবে। তার হাসপাতালে থাকা নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর। তবে তার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটা দ্রুত গতিতে হচ্ছে। সার্জারির পর যেভাবে সে সাড়া দিয়েছে, তা আশাব্যঞ্জক।’