সোহেল রানার এবারের প্রতিপক্ষ মালদ্বীপের আলী আশফাক



123550373_385650392621611_1406814112242004883_nএএফসি কাপে গত এক দশকের সেরা গোল বেছে নেওয়ার জন্য চলছে তুমুল লড়াই। সেজন্য মহাদেশীয় সংস্থাটি বাছাই করেছে সেরা ৩২টি গোল। এর মধ্যে আবাহনী লিমিটেডের সোহেল রানার গোলটিও আছে। দর্শক জরিপে প্রথম রাউন্ডে এই মিডফিল্ডার হারিয়ে দিয়েছেন সিঙ্গাপুর হোম ইউনাইটেডর খাইরুল নিজামকে। এবার সোহেলের সামনে সেরা ষোলোর লড়াইয়ে প্রতিপক্ষ মালদ্বীপের বড় তারকা আলী আশফাক।

২০১৩ সালে ইন্দোনেশিয়ার পারসেবি বোজোনেগোরোর বিপক্ষে করা গোলটিই আশফাককে লড়াইয়ে নিয়ে এসেছে। আগামী ৮ নভেম্বর পর্যন্ত এএফসির ওয়েব সাইটে গিয়ে ভোট দেওয়া যাবে। সোহেল রানা এবারও ভোট চাইছেন সবার কাছে, ‘আশা করি, আগের মতোই সমর্থকরা আমাকে ভোট দেবে।’

গতবার এএফসি কাপের জোনাল সেমিফাইনালের প্রথম লেগে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে গোলটি করেছিলেন সোহেল রানা। নাবীব নেওয়াজ জীবনের অ্যাসিস্টে ২৫ গজ দূর থেকে করা সোহেল রানার শটটি টপ কর্নার দিয়ে আশ্রয় নেয় জালে। প্রথম লেগে ৪-৩ গোলে জিতলেও পরের লেগে ২-০ ব্যবধানে হেরে আর ফাইনালে যাওয়া হয়নি আবাহনীর। সপ্তাহের সেরা গোলদাতার তালিকায় ছিল সোহেলের গোলটি।

সেরা ৩২ গোল থেকে ধাপে ধাপে সেরা ১৬, এরপর সেরা ৮, সেরা ৪ থেকে সেরার লড়াই নেমে আসবে দুইয়ে। এরপরই নির্বাচিত হবে গত এক দশকে এএফসি কাপের সেরা গোল। পুরো প্রক্রিয়াই নির্ভর করবে সমর্থকদের ভোটের ওপর। অনলাইনে এএফসির ওয়েবসাইটে গিয়ে সরাসরি এক ক্লিকেই ভোট দিতে পারবেন সমর্থকেরা।