নেপাল দলকে করোনায় ভালোই পেয়ে বসেছে। বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ঢাকায় আসার আগে তাদের সাতজন খেলোয়াড় কোভিড-১৯ আক্রান্ত হন। যে কারণে পূর্ণশক্তি নিয়ে তারা আসতে পারেনি।
৫ নভেম্বর ঢাকায় এসে নেপাল দলকে দু’দফা করোনার পরীক্ষা করাতে হয়েছে। দ্বিতীয় দফা পরীক্ষা হয়েছে মঙ্গলবার। সেটির ফল পাওয়া গেছে আজ। তাতেই ওই ডিফেন্ডার করোনাক্রান্ত শনাক্ত হন। রিপোর্ট পাওয়ার পরই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ আজ বুধবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নেপালের একজন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। তার কোনও লক্ষণ নেই। তবে আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি, তাকে তাই সন্ধ্যায় বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়েছে।’
নেপাল দলে করোনা সংক্রমণ ধরা পড়লেও আসন্ন প্রীতি ম্যাচ দুটিতে এর কোনও প্রভাব পড়বে না। ম্যাচ যথারীতি সূচি অনুযায়ীই হবে। ১৩ নভেম্বর প্রথম ম্যাচ। ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচেরই ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। খেলা শুরু হবে বিকেল ৫টায়। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘বাংলাদেশ-নেপাল ম্যাচে এর কোনও প্রভাব পড়বে না।’
এই জায়গায় বাংলাদেশ এগিয়ে। দুই দফা করোনা পরীক্ষায় জামাল-জীবনরা ‘নেগেটিভ’ হয়ে অনুশীলন করছেন। আগামী শুক্রবার তাই কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামার সুযোগ থাকছে জেমি ডের ছাত্রদের।