করোনাভাইরাসের ‘নিউ নরমাল’ পরিস্থিতিতে দেশে আন্তর্জাতিক ফুটবল ফেরানোর প্রাণান্তকর চেষ্টা অবশেষে সফল হয়েছে। মুজিববর্ষে নেপালের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়িয়েছে ভালোভাবেই। আর এতে দীর্ঘ ১০ মাস পর মাঠে খেলা দেখার আক্ষেপ ঘুচেছে হাজারো দর্শকের। সেই সঙ্গে অনেকদিন পর মাঠে ফিরে জয়ের দেখাও পেয়েছে বাংলাদেশ দল। শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে ২-০ গোলে। সাফ ফুটবল ও এসএ গেমস ফুটবলে টানা হারের পর হিমালয়ের দেশটির বিপক্ষে অবশেষে জয় এলো।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে বাংলাদেশ আক্রমণে এগিয়ে থাকে। জেমি ডের ৪-২-৩-১ ফরমেশনে খারাপ করেনি দল। নেপালের বিপক্ষে আধাডজন আক্রমণ গড়ে যদিও গোল এসেছে মাত্র একটি! ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বারবার লম্বা থ্রো-ইন করে প্রতিপক্ষকে ভয় ধরিয়েছেন। এছাড়া আক্রমণে সাদ উদ্দিন-নাবীব নেওয়াজ জীবন ও সুমন রেজার কম্বিনেশনও ভালো করেছে। নেপাল মাঝে-মধ্যে আক্রমণ গড়েও সফল হতে পারেনি। আগের সেই নেপাল ঝলক এই অর্ধে দেখা যায়নি।
বিরতির পর নেপাল কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল অবশ্য। ৫৫ মিনিটে সতীর্থের ক্রস থেকে বিক্রম লামার প্লেসিং এক ডিফেন্ডারের পায়ে লেগে ক্রসবারের বাইরে দিয়ে যায়। উল্টোদিকে এই অর্ধে জেমি ডে একাদশে পাঁচটি পরিবর্তন আনেন। তাতেই বাজিমাত করে বাংলাদেশ। বদলি নেমে সফল হন মাহবুবুর রহমান সুফিল। ৮১ মিনিটে মধ্যমাঠ থেকে সোহেল রানার থ্রু থেকে বাঁ প্রান্ত দিয়ে উঠে গোলকিপারকে ডজ দিয়ে দূরের পোস্টে বল ঠেলে দেন তিনি। অসাধারণ এই গোলের পর আনন্দে উদ্বেল হয়ে পড়েন সমর্থকেরা। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।