শনিবার দুপুরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে সোহেল আবাহনী ক্লাবে উঠেছেন। অনুশীলনে কোমরে ব্যথা পাওয়ায় তাকে আগামী নেপাল ও বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে ম্যাচে পাওয়া যাচ্ছে না। আগেই এমআরআই করানো হয়েছিল। রিপোর্ট আসে শুক্রবার। হালকা চিড় ধরা পড়েছে। পুরোপুরি সুস্থ হতে অন্তত এক মাস সময় লাগবে।
সোহেল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার এই ব্যথাটা কিছুটা পুরনো। তবে এবার অনুশীনে এটা বেড়ে যায়। আর এখন তো জাতীয় দলের ক্যাম্পেই থাকতে পারছি না। বেশ খারাপ লাগছে। ঘরোয়া ফুটবলে ফেডারেশন কাপ (১৯ ডিসেম্বর শুরু) খেলতে পারবো কি না সেটাই বলতে পারছি না।’ সোহেল না থাকায় এখন অন্য তিন গোলকিপার আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা ও পাপ্পু হোসেনের মধ্যে যে কাউকে বেছে নিতে হবে পরবর্তী ম্যাচের জন্য। আগামী মঙ্গলবারই সেই ম্যাচ, নেপালের বিপক্ষে মুজিববর্ষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয়টি।