জয় নিয়ে মাঠ ছাড়লেও বার্সার এই জয়টা সহজ ছিল না মোটেও। প্রথমার্ধেই খেলার ধারায় লিড তুলে নিয়েছিল সোসিয়েদাদ। ২৭ মিনিটে স্কোর ১-০ করেছেন উইলিয়ান হোসে। বার্সা এর জবাব দিয়েছে দুটি গোল করে। ৩০ মিনিটে একটি গোল করেছেন জর্ডি আলবা, ৪৩ মিনিটে ডি ইয়ং। ডি ইয়ংয়ের গোলটা অবশ্য শুরুতে বাতিলের খাতাতেই চলে গিয়েছিল। অফসাইডের সিগন্যাল করেছিলেন রেফারি। পরে অবশ্য ভার রিভিউর কল্যাণে গোল পেয়েছে বার্সা।
অবশ্য বার্সার আধিপত্য বিস্তার করা এই পারফরম্যান্স দেখা গেছে শুধু প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে আরও কিছু স্কোরের সুযোগ তৈরি হয়েছিল। গ্রিজমান স্পষ্ট সুযোগ মিস করেছেন দু’বার। একবার শট মেরে বসেন বারে, আরেকবার তার শট গিয়ে পড়ে গোলকিপারের কাছে। সেই তুলনায় মেসিকে আক্রমণে ধারহীন দেখা গেছে এই ম্যাচে।
শেষ ৬ ম্যাচে ড্র করা সোসিয়েদাদও গোলের সুযোগ তৈরি করেছিল শেষ দিকে। কিন্তু মার্ক আন্দ্রে টের স্টেগেনের ডাবল সেভ বাঁচিয়ে দিয়েছে কাতালানদের।
বার্সার এই জয়ে টেবিলের পরিস্থিতি এখন এমন, আতলেতিকো, সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদ সবারই পয়েন্ট ২৬ করে। সবার ওপরে আতলেতিকো, দুইয়ে সোসিয়েদাদ। তাদের চেয়ে ৬ পয়েন্ট দূরে বার্সা। টানা দুই জয়ে ২০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা অবস্থান করছে পাঁচে।