পেনাল্টিতে ব্যর্থ রোনালদো, আবারও ড্র জুভেন্টাসের

এবার আর পেনাল্টিতে গোল পাননি রোনালদো।আগের দুই ম্যাচেই পেনাল্টিতে গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যার ওপর ভর করে জয় পেয়েছিল জুভেন্টাসও। কিন্তু আতালান্তায় এসে সেই পেনাল্টি থেকেই গোলের সুযোগ হাতছাড়া করেছেন পর্তুগিজ যুবরাজ। তাতে সিরি আ’য় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস।

জুভেন্টাসের নিষ্প্রভ পারফরম্যান্সের ঝলক ছিল শুরু থেকেই। প্রথমার্ধে তেমনই একটি সুযোগ হাতছাড়া করেছেন আলভারো মোরাতা। খেলার ধারায় ৬ গজ দূর থেকে লুজ বল পেয়েও শট নেননি তিনি। উল্টো বল করে বসেন ব্যাকহিল! অথচ পুরো জালই তখন অরক্ষিত ছিল। ড্র করলেও জুভেন্টাস এই মৌসুমে এখনও অপরাজিত। এনিয়ে নিজেদের ১২টি লিগ ম্যাচের অর্ধেকটিতেই ড্র করেছে জুভেন্টাস! ২৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।

২৯ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নিয়েছিলেন ফেডেরিকো চেইসা। বক্সের বাইরে থেকে অসাধারণ শটে গোলটি করেছিলেন। ৫৭ মিনিটে আতালান্তাকে সমতায় ফেরান ফ্রেউলার। এর পর অবশ্য জুভেন্টাসকে জেতানোর সহজ সুযোগ পেয়েছিলেন রোনালদো। ফাউলের শিকার হয়েছিলেন চেইসা। কিন্তু পর্তুগিজ তারকার স্পট কিক সহজেই রুখে দিয়েছেন আতালান্তা গোলকিপার।