দুই বছরের নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ২০২২ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত। আর এই সময়ের মধ্যে আগামী বছর অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক এবং বেইজিংয়ে ২০২২ শীতকালীন অলিম্পিক ও কাতারে ২০২২ বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে পারবে না রাশিয়া। এই সময়ের মধ্যে রাশিয়া কোনও বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট আয়োজনও করতে পারবে না। তবে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফার এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে রাশিয়া আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠেয় ২০২০ ইউরো ফুটবলে অংশ নিতে পারবে। কারণ সিএএসের আদেশ শুধু বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযোজ্য, মহাদেশীয় প্রতিযোগিতায় নয়।
রাশিয়ার জাতীয় পতাকা বা জাতীয় সংগীত বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতায় আগামী দুই বছর নিষিদ্ধ থাকবে। তবে যে সব রুশ প্রতিযোগী ডোপ পরীক্ষায় উৎরে যাবেন তাদের নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার সুযোগ থাকবে। যেমন ২০১৮ দক্ষিণ কোরিয়া শীতকালীন অলিম্পিকে নিরপেক্ষ পতাকা হাতে রাশিয়ার ১৬৮ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন।
সিএএসের এই রায়কে স্বাগত জানিয়েছে ওয়াডা। ‘ওয়াডা ঐতিহাসিক এই মামলায় জিতে আনন্দিত। রুশ কর্তৃপক্ষ যে নিলর্জ্জ ও অবৈধ পন্থায় মস্কো গবেষণাগারে রাষ্ট্র নিয়ন্ত্রিত ডোপিংয়ের সব উপাত্ত কারসাজি করে বদলাচ্ছিল, সেটি আমাদের তদন্তে উঠে আসে। বিচারকেরা সেটিই বহাল রেখেছেন, যদিও রাশিয়া বরাবর এটি অস্বীকার করে আসছিল। এদিক দিয়ে সিএএসের এই আদেশ বিশ্বজুড়ে ক্রীড়া প্রতিযোগিতাকে নিষ্কলুষ রাখার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ’-বলেছেন ওয়াডার সভাপতি উইটোল্ড বাঙ্কা।
সিএএস এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার নিষেধাজ্ঞা অর্ধেকে নামিয়ে আনায় তাদের পরিকল্পিত ও প্রাতিষ্ঠানিক ডোপ নেওয়াকে ‘বৈধতা দেওয়া হলো’-এমনটা যেন না ভাবা হয়।