মুক্তিযোদ্ধায় স্পনসর আনলেন জাপানি খেলোয়াড়

ইউসুকে কাতো: মুক্তিযোদ্ধার জাপানি মিডফিল্ডারমুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র আর্থিক সমস্যায় জর্জরিত। এ কারণে আসন্ন মৌসুমে খেলাটা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। ক্লাবটির খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তারা তাই হন্যে হয়ে স্পনসর খুঁজে বেড়াচ্ছেন। এক জাপানি খেলোয়াড়ের চেষ্টা সফল হয়েছে।

দলের অধিনায়ক জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো কয়েকদিন আগে ফেসবুক পেজে সাহয্যের জন্য আবেদন জানান। বিশেষ করে স্বদেশি জাপানি বিত্তশালী ব্যক্তিদের কাছে। সাড়াও পাওয়া গেছে। জাপানি এ উইং তাগুচি কোম্পানি এবার মুক্তিযোদ্ধার জার্সির স্পনসর হয়েছে। তারা এজন্য ১০ হাজার ডলার দিয়েছে। এছাড়া আরও বিভিন্নভাবে সাহায্য পাচ্ছে ক্লাবটি। ইউসুকে কাতো বাংলা ট্রিবিউন কে বলেছেন, ‘জাপানি একটি কোম্পানি সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। তাই তাদের কোম্পানির নাম জার্সিতে দেখা যাবে। অন্য এক কোম্পানি কথা দিয়েছে তারা সাহায্য করবে। দুটি জাপানি কোম্পানিই বাংলাদেশে কাজ করছে। আমরা এতে খুশি। খারাপ সময়ে কিছু সাহায্য অন্তত পাওয়া গেছে।’