নিজস্ব একাডেমি গড়ার নতুন উদ্যোগ বাফুফের

বাফুফে ভবন -ফাইল ছবিফিফার অর্থায়নে বিকেএসপির সিলেট আঞ্চলিক কেন্দ্রে ফুটবল একাডেমি চালু করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বেশিদিন চলতে পারেনি। আবার নতুন করে নিজস্ব একাডেমি গড়ে তোলার দিকে দৃষ্টি দিয়েছে বাফুফে। মতিঝিলের বাফুফে ভবনের আশপাশ জুড়ে সেজন্য ভবনও খোঁজা শুরু হয়েছে।

এক মাসের মধ্যেই নতুন একাডেমির কাজ শুরু করতে চায় বাফুফে। এরই মধ্যে বাফুফে ভবনের আঙিনায় জিম হতে যাচ্ছে। আর এই ভবনের আশপাশে রয়েছে তিনটি মাঠ। তাই এই সুযোগটা কাজে লাগাতে চাইছে বাফুফে। রবিবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আপনারা জানেন আমরা একটা একাডেমি করতে যাচ্ছি। আমাদের জিম হয়ে যাচ্ছে। জিমের সঙ্গে একাডেমি করতে গেলে তো থাকার জায়গা দরকার। এখন নতুন বিল্ডিং করার পরিস্থিতি নাই। তা করতে গেলে ঢাকা শহরের বাইরে যেতে হবে। এখন তিনটি মাঠ আছে। এটাই সঠিক জায়গা।’

ঢাকার বেরাইদে ফর্টিজ একাডেমি রয়েছে। সেটা ব্যক্তিগতভাবে চলছে। পাশাপাশি বাফুফে ভবনের আশপাশে নিজস্ব নতুন একাডেমি হবে। ১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে যাত্রা শুরু করবে এই একাডেমি। সালাউদ্দিন বলেছেন, ‘নতুন ভবন খোঁজা হচ্ছে। তা হলে আগামী একমাসের মধ্যে ট্রেনিং শুরু করতে পারবো। ফর্টিজ থাকবে। ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের (আতাউর রহমান ভূঁইয়া মানিক) ব্যক্তিগত আগ্রহ। সে জিম ও একাডেমি করতে চাইছে। আমি ওকে সাহায্য করছি।’

একাডেমির জন্য সারাদেশের প্রতিটি বিভাগে ট্রায়াল হবে। সালাউদ্দিনের প্রত্যাশা, ‘বিভাগীয় শহরে ও জেলায় হবে ট্রায়াল। আজও কমলাপুর স্টেডিয়ামে ট্রায়াল হয়েছে। এক থেকে দেড় মাস শুধু ট্রায়ালই হবে।একটা জিনিস আপনারা জানেন দুধে যদি জাল দেন তাহলে সর উপরে চলে আসে। আমরাও দুধের মতো জাল দিয়ে সরটা নিয়ে ক্যাম্পে যাবো।’ এরইমধ্যে তিন থেকে চারটি বাড়ি দেখা হয়েছে। আরও দেখা হবে। পরিবেশ ও থাকার মতো উপযুক্ত হলেই তখন নিশ্চিত হবে একাডেমির যাত্রা। আপাতত ৪০ জনকে আবাসিক ক্যাম্পে রাখা হবে। খেলোয়াড়দের লেখাপড়াসহ অন্য সব দিকও দেখভাল করা হবে বলে জানিয়েছে বাফুফে।