মেলবোর্ন টেস্টে অভিষেকের অপেক্ষায় গিল ও সিরাজ

শুভমন গিল ও মোহাম্মদ সিরাজ -টুইটারনির্বাচিত দল নিয়ে প্রশ্ন আর প্রশ্ন। সমালোচনা। প্রশংসাও যে নেই, তা নয়। রাত পোহালেই শুরু মেলবোর্ন টেস্টের জন্য চারটি পরিবর্তন এনে যে ভারতীয় দলে ঘোষণা করা হয়েছে তাতে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম। কেন পাঁচ বোলার? কেন কেএল রাহুল নেই? ঋদ্ধিমান সাহাকে বাদ দেওয়া কি খুব জরুরি ছিল? টুইটারে মিশ্র প্রতিক্রিয়া।

সিরিজ সূচনকারী অ্যাডিলেডের ‘গোলাপি’ টেস্টে ভারত বিস্ময়করভাবে আড়াইদিনের ব্যবধানে ৮ উইকেটে হেরেছে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে বড় রকমের একটা পরিবর্তন তাই প্রত্যাশিতই ছিল। তারওপর দু’জনকে তো অনিবার্যভাবেই পাওয়া যাচ্ছে না। বিরাট কোহলি প্রথম সন্তানের বাবা হওয়ার মুহূর্তে স্ত্রীর পাশে থাকবেন বলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে ফিরে এসেছেন দেশে। ব্যাট করতে গিয়ে বলের আঘাতে কব্জির হাড় ভেঙে যাওয়ায় গোটা সিরিজ থেকেই বাদ পড়ে গেছেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি।

তরুণ ওপেনার শুভমন গিল ও পেসার মোহাম্মদ সিরাজের টেস্ট অভিষেক হতে যাচ্ছে মেলবোর্নে। ফর্ম হারানো ওপেনার পৃথ্বি শ’য়ের জায়গায় একাদশে ঢুকেছেন গিল। আর শামির চোট দরজা খুলে দিয়েছে ভারতের হয়ে একটি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলা সিরাজের সামনে।

তবে কোহলির জায়গায় কেএল রাহুলকে না নিয়ে দলভুক্ত করা হয়েছে স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। জাদেজার বাঁহাতি স্পিনের জন্য পঞ্চম বোলার হিসেবে তাকে বিবেচনা করেছে টিম ম্যানেজমেন্ট। অবশ্য তার কাছে ব্যাটিংয়েও কিছু প্রত্যাশা থাকে সবসময়। ৪ ডিসেম্বর প্রথম টি-২০ ম্যাচে হেলমেটে বলের আঘাত পেয়েও ব্যাট করেছিলেন, পরে চোট পান হ্যামস্ট্রিংয়ে। তার ‘কনকাসান সাব’ হিসেবে দলে ঢুকে যুজবেন্দ্র চাহাল দুর্দান্ত বোলিংয়ে জিতিয়ে দেন ম্যাচটি। জাদেজা পরের দুটি টি-২০ ম্যাচ ও প্রথম টেস্ট খেলেননি ওই চোটের কারণেই। পুরোপুরি ফিট ঘোষিত হয়ে এবার ঢুকে পড়লেন দ্বিতীয় টেস্টের দলে।

উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে প্রথম টেস্টের দলে নেওয়া হয় ভালো উইকেটকিপার হিসেবে। তবে অ্যাডিলেডে গ্লাভস হাতেও যেমন বিশেষ নজর কাড়তে পারেননি, ব্যাটিংয়েও রাখতে পারেননি অবদান। এজন্য ঋষভ পন্তকে নেওয়া হয়েছে তার জায়গায়। যুক্তি হলো, বাঁহাতি পন্ত শ্রেয়তর ব্যাটসম্যান।

একাদশ নিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কে রাহানে শুক্রবার ভিডিও কনফারেন্সে বলেছেন, ‘দলে থাকা প্রত্যেকেরই ভালো খেলার সামর্থ্য আছে। সুতরাং অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের জন্য ১১ জন বেছে নেওয়া একটা চ্যালেঞ্জ। আমাদের একটা মাত্র ঘণ্টা খুবই বাজে গেছে (অ্যাডিলেডে)। এখন ইতিবাচক থাকতে হবে, নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখতে হবে এবং ব্যাট করতে হবে জুটি গড়ে।’

এর আগে রাহানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পাইন বলেছেন, কোহলি বা অন্য কেউ না থাকলেও ভারতীয় দল ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে।

অস্ট্রেলিয়া দলে অবশ্য কোনও পরিবর্তন নেই। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের সকালের অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেওয়া দলটির ওপরই আস্থা রেখেছে তারা।

মেলবোর্নে ভারতীয় একাদশ: অজিঙ্কে রাহানে (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।