‘বিপথগামী’ সমর্থকদের বিরুদ্ধে মোহামেডানের জিডি

মোহামেডান ফুটবল দলবৃহস্পতিবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে তিন গোলে ম্যাচ হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ক্লাবে ফেরার পর এক দল 'বিপথগামী' সমর্থক খেলোয়াড়দের দিকে ইট ছোড়ে। সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি তো ছিলই। এমন অভিযোগ জানিয়ে মতিঝিল থানায় রাতেই সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ক্লাবটির ফুটবল টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স।জিডির কপি

ডায়েরিতে আব্দুল কুদ্দুসসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামোল্লেখ করা হয়েছে। শুক্রবার প্রিন্স বাংলা ট্রিবিউনকে এ প্রসঙ্গে বলেন, 'আমরা তো ক্লাবকে ভালো করার চেষ্টা করছি। আমাদের এই তরুণ দল আবাহনীর সঙ্গে লড়াই করার চেষ্টা করেছে। তারপরও ম্যাচ হেরেছে। কিন্তু এই বলে তো আপনি বড় ইটের টুকরো খেলোয়াড়দের দিকে মারতে পারেন না। বলতে গেলে অল্পের জন্য আমার বিদেশি খেলোয়াড়সহ অন্যরা বেঁচে গেছে। তাই বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছি। একজনকে আমরা চিনতে পেরেছি। অন্যরাও চিহ্নিত। আমরা চাই সবকিছু ঠিকভাবে চলুক।'