‘কবে ৬ গোল খেয়েছি, মনে নেই’

সাইফ স্পোর্টিংয়ের কাছে ৬ গোল হজম করেছে কমলা জার্সিধারীরা।মৌসুমের শুরু থেকে নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। একটা সময় দল গঠন নিয়েই সংশয়ে ছিল তারা। এর পর দল গঠন হয়েছে যদিও, পরে থাকতে হয়েছে কোচহীন হয়ে। ফলে অনুশীলন হয়নি ঠিকমতো। যার ফল হাতেনাতে পেয়েছে একসময়ের ঐতিহ্যবাহী এই ক্লাব। ক্লাবটির জন্য বড় লজ্জা ছিল শনিবার রাতে। এদিন ফেডারেশন কাপে সাইফ স্পোর্টিংয়ের কাছে ৬ গোল হজম করেছে কমলা জার্সিধারীরা। গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় এখন সময়ের ব্যাপার। এমন হারের পর স্বাভাবিকভাবেই দলের খেলোয়াড়রা বিমর্ষ।

ঢাকার মাঠে দীর্ঘদিন ধরে খেলে আসছেন মিডফিল্ডার ফয়সাল মাহমুদ। জাতীয় দলের পাশাপাশি সব বড় দলেই তার খেলার অভিজ্ঞতা আছে। তবে কোনও দলের হয়ে ৬ গোল হজম করার অভিজ্ঞতা তার কাছে নতুনই। সেই ফয়সালই বাংলা ট্রিবিউনের কাছে আক্ষেপের সুরে বলেছেন, ‘যদি প্রস্তুতি না থাকে, তাহলে তো ম্যাচ আপনি হারবেনই। তবে সবশেষ কবে ৬ গোলে ম্যাচ হেরেছি, তা মনে নেই। এটা আসলেই দুঃখজনক। কম ব্যবধানে হারলে কিছু বলার থাকে না। তাই বলে ৬ গোলে হার! আর হারাটাই স্বাভাবিক। সাইফের মতো ভালো দল, যাদের প্রস্তুতি অনেক দিনের। খেলোয়াড়ও তাদের ভালো।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ব্রাদার্স ইউনিয়নের তিন জন প্রতিনিধি আছেন। তার পরেও দলটির এমন করুণ দশা!

ফয়সাল মাহমুদ অবশ্য আশাবাদী ব্রাদার্সকে নিয়ে। তার প্রত্যাশা, ‘ডন ভাই(মিজানুর রহমান,সাবেক জাতীয় দলের স্ট্রাইকার) আমাদের অনুশীলন করাচ্ছেন। সামনের দিকে বিদেশি কোচ আসবে বলে শুনেছি। এছাড়া আগের চেয়ে ক্লাবের কিছুটা উন্নতি হয়েছে। হয়তো আমরা প্রিমিয়ার লিগে আগের চেয়ে ভালো করতে পারবো। তবে কতটুকু করতে পারবো, তা সময় বলে দেবে।’