নেগেটিভ হলেই সিলেট

করোনাকালের দীর্ঘ বিরতি কাটিয়ে দলীয় অনুশীলনে ফিরছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আগামী সোমবার থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে মাসব্যাপী।

আজ (শনিবার) ক্যাম্পে সুযোগ পাওয়া ৩২ ক্রিকেটারের করোনা পরীক্ষা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলাফলের ভিত্তিতে রবিবার সকালে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন সালমা-জাহানারারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাপোর্ট স্টাফ থেকে শুরু করে টিম হোটেলের সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করিয়েছে বিসিবি। শুক্রবার তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। সেখানকার ফলাফল ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে বিসিবি। আর আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩২ ক্রিকেটারের সঙ্গে ১২ সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা হয়েছে। রাতে সবার ফলাফল পাওয়ার পর রবিবার সকাল সাড়ে ৭টার ফ্লাইটে ঢাকা ছাড়বেন নেগেটিভ হওয়ার ক্রিকেটাররা।

বিসিবির উইমেন্স উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বিষয়গুলো নিশ্চিত করেছেন, ‘আগের ২৯ ক্রিকেটারের সঙ্গে নতুন করে আরও তিন ক্রিকেটার যোগ করা হয়েছে। সবার শনিবার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া আরও ১২ সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করানো হয়েছে। আশা করি, সবার ফলাফল নেগেটিভ হবে। আমরা সিলেটে ভালো একটি ক্যাম্প করতে পারবো।’

তৌহিদ আরও বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় কীভাবে তৈরি করতে হবে সে ব্যাপারে আমাদের ধারণা হয়েছে। আমরা আমাদের অভিজ্ঞতাগুলো মেয়েদের ক্যাম্পে প্রয়োগ করবো। আশা করি, কোনও সমস্যা ছাড়াই ক্যাম্পটি শেষ করতে পারবো।’

দীর্ঘ ১১ মাস পর দলীয় অনুশীলনের সুযোগ পাচ্ছেন নারী ক্রিকেটাররা। পুরো দল সর্বশেষ একসঙ্গে ছিল গত ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। ক্যাম্প চলাকালীন পাঁচটি সীমিত পরিসরের অনুশীলন ম্যাচও খেলবে তারা। জাতীয় নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স ক্যাম্প পরিচালনা করবেন।

ওয়ানডে সিরিজ খেলতে মার্চের শেষ দিকে বাংলাদেশে আসার কথা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের। মাঝের সময়ে জাতীয় লিগ আয়োজনের ভাবনা আছে বিসিবির।

এদিকে প্রধান কোচ নিয়োগের ব্যাপারেও অনেকটা এগিয়েছে বিসিবি। সব ঠিক থাকলে জানুয়ারিতে দায়িত্ব নেবেন ইংল্যান্ড নারী দলকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ মার্ক রবিনসন। বিসিবির উইমেন্স উইংয়ের ইনচার্জ তৌহিদও জানালেন তেমনটাই, ‘এখনও ওর (মার্ক) কাছ থেকে আমরা ফাইনাল তারিখ পাইনি। তবে জানুয়ারির শেষ সপ্তাহে তার বাংলাদেশে আসার কথা।’

ক্যাম্পে থাকছেন যারা:

সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার, একা মল্লিক, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তার, তাজিয়া আক্তার, সানদিয়া ইসলাম আশা ও লাবণী আক্তার।