সিলেট-রংপুরেই রইলো শিরোপা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল সিলেট ও রংপুর বিভাগ। এবারও তাদের ঘরেই থাকলো শিরোপা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এ প্রতিযোগিতার বঙ্গবন্ধু গোল্ডকাপে ছেলেদের বিভাগের ফাইনালে সিলেট ৫-৪ গোলে টাইব্রেকারে হারায় বরিশালকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়।

আর্মি স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির ১৯ মিনিটে কর্নার থেকে আসা বলে ডিফেন্ডার সাইফুর রহমানের হেডে এগিয়ে যায় সিলেট বিভাগ। ৫২ মিনিটে বক্সে বল ধরে দূরের পোস্টে নেওয়া শটে স্কোর লাইন ১-১ করেন বরিশালের ফরোয়ার্ড শাহাদাৎ গাজী।

৮০ মিনিটে বরিশালের খাইরুল ইসলাম দারুণ এক সুযোগ নষ্ট করলে ম্যাচ জেতা হয়নি। নির্ধারিত সময়ের খেলায় শিরোপার নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

সিলেটের আমিনুল ইসলাম, তুহিন, শাকিল, সাইফুর রহমান ও অধিনায়ক রনি লক্ষ্যভেদ করেন। সিলেট গোলরক্ষক রাজু মিয়া প্রতিপক্ষের তুহিন আরমানের শট ঠেকিয়ে দলকে শিরোপা নিশ্চিত করেন। টাইব্রেকারে বরিশালের হয়ে গোল করেন খাইরুল ইসলাম, শাহাদাৎ গাজী, সালমান আহাদ সিজান ও শামীমুল ইসলাম বাবু।

বঙ্গমাতা ফুটবলে নারী বিভাগের ফাইনালে রংপুর ২-১ গোলে খুলনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা অক্ষুণ্ণ রেখেছে। শীলা আক্তারের গোলে এগিয়ে যায় রংপুর বিভাগ। শান্তি মারডি গোলে প্রথমার্ধেই ২-০ গোলে লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। মানিয়া আক্তার একমাত্র গোল শোধ করলেও খুলনার হার এড়াতে পারেননি।

চ্যাম্পিয়নশিপ ধরে রেখে রংপুর বিভাগের কোচ মিলন খান বলেছেন,‘এ প্রতিযোগিতার জন্য আমাদের বিশেষ কোন প্রস্তুতি ছিল না। রংপুরের সদ্যপুস্করণীতে আমরা বছরজুড়েই অনুশীলন করে থাকি। ধারাবাহিক প্রস্তুতি নিয়েই আমরা এ আসর খেলেছি। মেয়েরা শুরু থেকে শেষপর্যন্ত দুর্দান্ত খেলেছে। সকল কৃতিত্ব তাদের।’

ছেলেদের ফাইনালে ম্যান অব দি ম্যাচ হয়েছেন  সিলেটের গোলকিপার রাজু মিয়া, সর্বোচ্চ গোলদাতা শাহাদাৎ গাজী, সেরা গোলকিপার মোহাম্মদ রিয়াজ ও ম্যান অব দি টুর্নামেন্ট সাইফুর রহমান।

আর মেয়েদের টুর্নামেন্টে সব পুরস্কার জিতেছেন রংপুরের খেলোয়াড়রা। সর্বোচ্চ গোলদাতা নাসরিন বেগম, সেরা গোলকিপার শাম্মি আক্তার ও ম্যান অব দি টুর্নামেন্ট মোসাম্মত কাকলি।

ফাইনাল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় সেনাবাহিনী প্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন  উপস্থিত ছিলেন।