আগামী ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। তার আগে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে নিগার সুলতানারা। কিন্তু ‘আসল’ লড়াইয়ে আগে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে হারের পর বুধবার ভারতের বিপক্ষে ৫২ রানে হেরেছে বাংলাদেশ।
বুধবার স্টেলেনবোশ বিশ্ববিদ্যালয় মাঠের এক নম্বর গ্রাউন্ডে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলতে নামে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের বোলারদের নখদন্তহীন বোলিংয়ের সুযোগ নিয়ে ভারত ১৮৩ রানের পাহাড় গড়ে। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মোর্শেদা খাতুন ও শামীমা সুলতানা ২৪ রান তুলতেই ওপেনিং জুটি ভাঙে বাংলাদেশের। এরপর সোবহানা মোস্তারিও (২) বেশিক্ষণ ঠিকতে পারেননি।
দারুণ খেলতে থাকা মোর্শেদা খাতুন অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে ১৯ রানের জুটি গড়তেই ফের উইকেটের পতন। ৩২ বলে ৫ চারে ৩২ রানের ইনিংস খেলে ওপেনার মোর্শেদা সাজঘরে ফেরেন। একপ্রান্ত আগলে ধরে অধিনায়ক একাই লড়ই করে গেছেন। তাকে যোগ্য সঙ্গ দেওয়ার ছিলেন না কেউই। মিডল অর্ডার ও লেট অর্ডার ব্যাটারদের মধ্যে কেবল রিতু মনি (১১) ডাবল অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩১ রান তুলে থামে বাংলাদেশের ইনিংস। অধিনায়ক নিগারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রান। ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় নিগার নিজের ইনিংসটি সাজান।
ভারতের বোলারদের মধ্যে দেবিকা বৈদ্য ২১ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেওয়া ভারতকে বেশ চাপেই রেখেছিল বাংলাদেশ নারী দলের বোলাররা। পাওয়ার প্লেতে মাত্র ৩৫ রানেই ভারতের ৩ উইকেট তুলে নেয়। কিন্তু চতুর্থ উইকেটে জেমিমাহ রুদ্রিগেস ও রিচা ঘোষের ৯২ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। প্রথম ১০ ওভারে ৫৮ রান তোলা ভারত শেষ ১০ ওভারে নেন ১২৫ রান। বাংলাদেশের বোলারদের পাড়ার বোলার বানিয়ে ছেলে খেলায় মেতে উঠেন ভারতীয় ব্যাটারার। রিচা ঘোষ ৫৬ বলে ৩ চার ও ৯ ছক্কায় ৯১ রান করে অপরাজিত ছিলেন। জেমিমাহ ২৭ বলে খেলেন ৪১ রানের ইনিংস। আর তাতেই ৫ উইকেটে ১৮৩ রানের পাহাড় গড়ে ভারত।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ২৪ রানে নেন দুই উইকেট। এছাড়া জাহানারা, সালমা, মারুফা একটি করে উইকেট নেন।