মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সন্ধ্যা সাড়ে ৭টায় ২২ গজে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি মাঠে নামবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে। এ লড়াই কেবল মাঠেই সীমাবদ্ধ থাকছে না, ছড়িয়ে যাবে দুই দেশের প্রত্যন্ত অঞ্চলেও। ভারত-পাকিস্তানের পাশাপাশি অন্য দেশের ক্রিকেট প্রেমীদের চোখও আটকে যাবে টিভির পর্দায়।
এবারই প্রথমবারের মতো এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এর আগে ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ৬ বার। ভারত ৫টিতে এবং পাকিস্তান মাত্র একটি ম্যাচে জিতেছে। ২০১২ সালে ব্যাঙ্গালুরুতে সেই একমাত্র জয়টি পেয়েছিল আফ্রিদির দল।
পরিসংখ্যান বাদেও ক্রিকেটের সবচেয়ে ছোটো সংস্করণে বর্তমানে ভারত দলের যে ফর্ম, তাতে করে পাকিস্তানকে এগিয়ে রাখা যাচ্ছে না এশিয়া কাপের ম্যাচটিতে! শনিবার ম্যাচ শুরুর আগেই দুই প্রতিবেশী রাষ্ট্র এবং যুদ্ধের তীব্রতায় মিলেমিশে একাকার।
২২ গজের লড়াইয়ের পেছনে রয়েছে রাজনৈতিক পটভূমিও। অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর গত ডিসেম্বরেই দু’দেশের দেখা হয়ে যাওয়ার কথা ছিল। শনিবারের এশিয়া কাপের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হতো না দুই দেশকে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের কারণে হয়নি। আর দেশবাসীর অসীম প্রত্যাশার চাপ, নানাবিধ অঙ্কের জটিলতাতেই কিনা কে জানে, শুক্রবার দুটি দলই পাশাপাশি নেট করেও, কেউ কারও সঙ্গে কথাই বললো না!
অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনটাও উত্তাপ ছড়িয়েছে দুই দলের। পাকিস্তানের অধিনায়ক শাহিদ আফ্রিদি দু’দেশের রাজনৈতিক ব্যাপার-স্যাপার নিয়ে মুখ খোলা ছাড়াই বুঝিয়ে দিয়েছেন যে, পাওয়ার প্লে-তে ভারতীয় ব্যাটিংকে কাঁপিয়ে দেওয়ার মতো রণসজ্জা তার তৈরি। ওয়াহাব রিহাজ-মোহাম্মদ আমিররা তৈরি হচ্ছেন পূর্ণ শক্তিতে।
ব্যাটিং-বোলিং মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল ভারত। বিশেষ করে ব্যাটিংয়ে তারা দুর্ধর্ষ। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরি করার অভিজ্ঞতা আছে। সুরেশ রায়না ৭৪ এবং শিখর ধাওয়ান ৭৩ রানের ইনিংস খেলেছিলেন।
শহীদ আফ্রিদির পাকিস্তান দল পেস আক্রমণে নতুন প্রাণ পেয়েছে মোহাম্মদ আমির ফেরায়। অভিজ্ঞ মোহাম্মদ সামিও আছেন, ব্যাটিংয়ে খানিকটা সমস্যা আছে। কিন্তু দলটা যেহেতু পাকিস্তান তাই সবদিক দিয়ে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানকে পিছিয়ে রাখা যাচ্ছে না!
সবমিলিয়ে ২২ গজে আজ দুর্দান্ত এক লড়াই দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।
/এমআর/এফএস/