ফলে গ্রুপ 'এ'তে বাংলাদেশ ও ওমান দু‘টি দলেরই অর্জন তিন পয়েন্ট করে। সে হিসেবে আগামী রবিবার দু‘টি দলের মুখোমুখি লড়াই মূলত অলিখিত ফাইনালে পরিণত হলো। ওই ম্যাচে জয়ী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলবে। ওইদিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত ওই ম্যাচটিও যদি বৃষ্টিতে ভেস্তে যায় তা হলেও নেট রান রেটে এগিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ।
শুক্রবার ভোর বেলা থেকেই মূলত ধর্মশালার আকাশে বৃষ্টির আনাগোনা। কখনও কম কখনও বেশি। বৃষ্টির লুকোচুরি মধ্যেও এদিন রাত পৌনে ১০টায় টস হেরে ব্যাট হাতে মাঠে নামে বাংলাদেশ। টাইগারদের ইনিংসের আট ওভারের ৪ ওভারই গুড়ি গুড়ি বৃষ্টিতে হয়েছে। এর মধ্যেই ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খেললেন বিধ্বংসী এক ইনিংস। বৃষ্টি নামার আগের বলে তিনি সাজঘরের পথ ধরেন ৪৭ রান করে। তার ইনিংসে ৩ চারে পাশাপাশি রয়েছে ৪টি ছয়।
তবে শেষ হাসি হেসেছে বৃষ্টিই। তাতে ক্ষতিটা বেশি হলো আইরিশ ও ডাচদের। বাছাইপর্ব উৎরে যাওয়ার প্রতিযোগিতা থেকে বলা যায় ছিটকে গেল তারা। শুক্রবার দু’টি ম্যাচ ড্র হওয়ার কারণে সবগুলো দলই একটি করে পয়েন্ট পেয়েছে। সবমিলেই তাই পয়েন্ট টেবিলে এখন সবার ওপরে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে ওমান। রবিবার এই দু’টি দলের মুখোমুখি লড়াইয়ে নিশ্চিত হবে কারা যাবে বিশ্বকাপের মূল পর্বে। যদি ধরে নেওয়া হয় রবিবার বৃষ্টিতে ওমান ও বাংলাদেশের ম্যাচটি ড্র হবে। সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও ওমান পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে। নেট রান রেটে বাংলাদেশ এগিয়ে থেকে চলে যাবে সুপার টেনে।
তবে ম্যাচটি মাঠে গড়ালে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। নয়তো সুপার টেনে চলে যাবে ওমান;টেস্ট খেলুড়ে বাংলাদেশকে হারিয়ে!এমনটা অবশ্য স্বপ্নে কোনও বাংলাদেশি সমর্থক বিশ্বাস করেন না। অবশ্য করারও কথা নয়। ওমানের মতো একটি দলের বিপক্ষে প্রিয় দলের হার কিভাবেই চিন্তা করবেন সমর্থকরা!যদিও বাংলাদেশ দলের পচা শামুকে পা কাটার অভিজ্ঞতা রয়েছে কিছু। সেটাই ভয়। তবে মাশরাফি জানিয়েছেন শুক্রবারের শুরুটাই বাংলাদেশের আসল চেহারা। এই চেহারার বাংলাদেশকেই ওমান দেখবে বলে মনে করেন মাশরাফি। মাশরাফির কথা মতো রবিবারের ম্যাচটি তাহলে একতরফাই হতে যাচ্ছে!
/আরআই/এমআর/এমএসএম