এশিয়া কাপ হকিতে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে আজ রবিবার শক্তিশালী জাপানের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে আশরাফুল-রোমানরা।
ভারতের বিহারের রাজগিরে ৯, ১৫, ৩৬, ৩৮, ৫০ ও ৫৬ মিনিটে জাপান গোল পায়। দলের হয়ে শিনওয়ারা রিয়োশুকে হ্যাট্রিক করেন।
বাংলাদেশ একমাত্র গোল শোধ দেয় ৫৫ মিনিটে। আমিরুল ইসলাম আক্রমণ থেকে ব্যবধান কমান। জাপানের কাছে হেরে বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি খেলার সুযোগ হারালো বাংলাদেশ। তবে সব আশা শেষ হয়নি।
এখন প্লে অফ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে। তিন ম্যাচের সিরিজে জয়ী দল বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে।
এবার এশিয়া কাপে রানার্স আপ থেকে পঞ্চম স্থান অর্জনকারী দল বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ পেয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিজয়ী দল তাদের সঙ্গে যোগ দেবে।