নেইমারের ‘খোঁজ’ মেলেনি আজও! 

নিউজার্সির রেডবুলস মাঠের বাইরে কয়েকজন সমর্থক অপেক্ষায় আছেন। ব্রাজিল দল ও প্রিয় খেলোয়াড় নেইমার জুনিয়রকে দেখবেন বলে। হাইতি ম্যাচের আগে তাদের শুভকামনা জানানোর জন্যই এই অপেক্ষা। মরিসটাউনের সেই মাঠে শতাধিক সাংবাদিকও উপস্থিত। সবার চোখ ঘুরে ফিরে খুঁজছে নেইমারকে। কিন্তু এবারও হতাশ হয়েছেন সবাই। রেডস বুলের মাঠে আনচেলত্তির দল অনুশীলন করেছে ঠিকই কিন্তু ছিলেন না নেইমার। চোটের সঙ্গে এখনও লড়াই করে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। 

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে দলের বাইরে ছিলেন নেইমার। দলের ড্র দেখে হতাশও হতে হয়েছে তাকে। আবার ম্যাচশেষে সতীর্থদের উৎসাহ দিয়েছেন। এরপর ইতালিয়ান কোচ ইঙ্গিত দিয়েছিলেন শিগগিরই নেইমার অনুশীলনে ফিরছেন। তা হতে পারে যে কোনও দিন। তাই আশা নিয়ে নিউজার্সির মরিসটাউনে গিয়েও ভাগ্য সহায় না হওয়ায় পাওয়া যায়নি নেইমারকে। 

রেডসবুল কমপ্লেক্স থেকে মাঠে একে একে কাসেমিরো-ভিনিসিয়ুসরা প্রবেশ করছিলেন। গেলেন অন্যরাও। উপস্থিত সাংবাদিকদের চোখ খুঁজে বেড়ালো নেইমারকে। কিন্তু ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল দেওয়া নেইমার নেই। ততক্ষণে মাঠে অনুশীলন শুরু হয় হয় অবস্থা। একটু পরই টিম সংশ্লিষ্ট একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলে গেলেন— নেইমার নামছেন না। 

শুধু তাই নয় রাফিনহাসহ চার ফুটবলার নেই অনুশীলনে। মাঠে তখন তিন গ্রুপে বিভক্ত করে কোচ ঘাম ঝড়ানো শুরু করেছেন। ভিনিসিয়ুসরা মানববর্ম সামনে রেখে তাদের হারিয়ে সামনে এগোনোর চেষ্টা করছেন। কাসিমিরোদের পাসিং ফুটবলে মনোযোগ। অন্যদেরও একই অবস্থা। 

মরক্কো ম্যাচে ড্রয়ের পর আনচেলত্তি আরও সিরিয়াস। তাই কয়েকটি গ্রুপে বিভক্ত করে দলের দুর্বলতা নিয়ে কাজ করছেন। জয়ের ক্ষুধাটা আরও বেশি করে দলের মধ্যে দেখতে চাইছেন। তবে নেইমার ছাড়া দল কিছুটা দুর্বল। তা অকপটে বলে দেওয়া যায়। 

তাহলে নেইমারকে কখন দেখা যাবে খেলতে? তার আগে অনুশীলনের মাঠে। ইএসপিএনের সাংবাদিক এন্ড্রো রেডস বুল মাঠে ব্রাজিলের অনুশীলন দেখতে দেখতে বাংলা ট্রিবিউনের প্রশ্নের উত্তর দিলেন এভাবে, “যতোদূর শুনেছি নেইমারকে আজও পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। পুরোপুরি ফিট না হয়ে তাকে অনুশীলনে ফেরানো হবে বলে মনে হয় না। সেক্ষেত্রে সময় লাগতে পারে। এমনও হতে পারে ব্রাজিল যদি নক-আউটে যায় তখনই খেলতে দেখা যেতে পারে নেইমারকে।” 

তবে নেইমারের খেলা দেখার জন্য তর সইছে না সমর্থকদের। সান্তোষের হয়ে চোট পাওয়ার পর নেইমার ধুকছেন। রেডস বুল মাঠের বাইরে ব্রাজিলের পতাকা নিয়ে চাচার সঙ্গে অপেক্ষায় থাকা ১৫ বছর বয়সী পিয়েরে লিমা জানালেন, “এখানে এসেছি ব্রাজিল দলকে সমর্থন দেওয়ার জন্য। পুলিশ আমাদের ভেতরে ঢুকতে দেয়নি। তাই বাইরে অপেক্ষায় আছি। যদি খেলোয়াড়দের বাস দেখতে পারি। তাদেরকে উৎসাহ দেওয়া যায়। আর আমার প্রিয় খেলোয়াড় নেইমারকে দেখতে এসেছি। আশা করছি পরের ম্যাচে তাকে মাঠে পাবো।” 

তবে প্রতিবেদকের মুখে নেইমারের অনুশীলন না করার খবর শুনে কিছুটা মুষড়ে পড়লেন যেন লিমা। তার অভিব্যক্তি, “ওহ। আজও অনুশীলন করেননি। তাহলে তো হাইতির বিপক্ষে তাকে দেখা যাবে না। তাহলে কী করার আছে। যাই হোক নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠুক। যেন শিগগিরই মাঠে ফেরে— এটাই চাই।”