ম্যাকাইতে পাঁচ পেসার প্রস্তুত: নাজমুল

অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম টেস্ট জিতেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এবার সিরিজ জয়ের হাতছানি। শনিবার থেকে শুরু হতে যাওয়া সাদা পোশাকের এই লড়াইয়ে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ম্যাকাইয়ের উইকেটের বাড়তি বাউন্স ও বাতাস, যা পেসারদের সহায়ক হয়ে উঠতে পারে। বাংলাদেশ দলের ভাবনায় একাদশে বাড়তি পেসার যুক্ত করা। শুক্রবার (২১ আগস্ট) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই আভাস দিলেন সফরকারী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে চার পেসার খেলানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘উইকেট ভালো মনে হয়েছে। আমরা যে উইকেটে অনুশীলন করেছি, এখানে অবশ্যই একটু বাউন্স বেশি ছিল। আমাদের পাঁচজন পেসার স্কোয়াডে আছে, সবাই প্রস্তুত।’

চার পেসার খেলানো হলে প্রশ্ন থেকে যায় স্পিনারদের নিয়ে। তবে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে চান। 

শান্ত, ‘পজিটিভ দিক হলো, আমাদের দুইজন স্পিনার আছে যারা যেকোনো কন্ডিশনে ভালো বল করে। যেহেতু আরও একটু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেট দেখে দলের জন্য যে সিদ্ধান্তটা ভালো হবে, সেটাই নেব ইনশাআল্লাহ।’

ম্যাকাইয়ের কন্ডিশনে বাতাসও পেসারদের জন্য দারুণ নিয়ামক হয়ে উঠতে পারে। বাতাস কাজে লাগিয়ে হাসান মাহমুদ-ইবাদত হোসেনরা বাড়তি সুবিধা আদায় করতে পারবেন। শান্ত বলেন, ‘বাতাসের কারণে বোলাররা একটু সাহায্য পাবেই। সুইং হয়তো একটু বাড়তি পেতে পারে। বাতাসটা যদি বোলাররা ব্যবহার করতে পারে, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে।’