বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বর্ষীয়ান সংগঠক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হারুনুর রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান ব্যক্তিত্ব হারুনুর রশীদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’
হারুনুর রশীদের ক্রীড়াঙ্গনে অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে তার পথচলা শুরু। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ফুটবলের বিকাশ ও নতুন অধ্যায় রচনায় তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও এএফসির নির্বাহী কমিটি, ফিফার মিডিয়া কমিটি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য ভূমিকা রেখেছেন হারুনুর রশীদ।’
আমিনুল হক বলেন, ‘তার মতো একজন অভিজ্ঞ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ সংগঠকের চলে যাওয়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। কর্ম, নিষ্ঠা ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদান তাকে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করে রাখবে।’
শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আমিনুল হক বলেন, ‘মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই শোক সইবার শক্তি দান করেন।’ এদিকে বর্ষীয়ান ক্রীড়া সংগঠকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।