ব্যালন ডি’অর ও কোপা ট্রফির বিভিন্ন আসরে লিওনেল মেসি কাদের ভোট দিয়েছেন, সেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। আটবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকার ভোটের তালিকায় সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।
ফ্রান্স ফুটবলের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে ব্যালন ডি’অরের ভোট দিয়েছেন মেসি। এরপর ২০২১ সাল থেকে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফির জুরি বোর্ডেও যুক্ত হন তিনি।
ব্যালন ডি’অরে মেসির দেওয়া পাঁচটি পডিয়ামের সবকটিতেই ছিলেন ইনিয়েস্তা। এর মধ্যে দুবার তাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন মেসি। তালিকায় এরপর রয়েছেন জাভি হার্নান্দেজ ও নেইমার। সাবেক এই দুই সতীর্থকেও একাধিকবার ভোট দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের পর অনুষ্ঠিত ব্যালন ডি’অর ভোটে প্রথম পছন্দ হিসেবে অ্যাঙ্গেল দি মারিয়াকে এবং তৃতীয় পছন্দ হিসেবে হাভিয়ের মাসচেরানোকে রেখেছিলেন মেসি। নিয়ম অনুযায়ী, প্রথম পছন্দের জন্য পাঁচ, দ্বিতীয় পছন্দের জন্য তিন এবং তৃতীয় পছন্দের জন্য এক পয়েন্ট বরাদ্দ ছিল।
মেসির ভোট পাওয়া চার আর্জেন্টাইন ফুটবলার হলেন সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল দি মারিয়া, হাভিয়ের মাসচেরানো ও আলেহান্দ্রো গার্নাচো। এর মধ্যে আগুয়েরো দুবার ভোট পেয়েছেন।
তবে সাম্প্রতিক কোপা ট্রফিতে মেসির ভোট সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। ২০২৬ সালের আসরে বার্সেলোনার দুই তরুণ ফুটবলার লামিন ইয়ামাল ও পাউ কুবারসির মধ্যে লড়াই হয়েছে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে। ইয়ামাল পেয়েছেন ৯৬ পয়েন্ট, কুবারসি ৯৪।
মেসি প্রথম পছন্দ হিসেবে ইয়ামালকে পাঁচ এবং দ্বিতীয় পছন্দ হিসেবে কুবারসিকে তিন পয়েন্ট দেওয়ায় দুজনের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার ভোট। তৃতীয় পছন্দ হিসেবে তিনি রেখেছিলেন আলজেরিয়ার ইব্রাহিম মাজাকে। মজার বিষয়, মেসির কাছ থেকেই একমাত্র পয়েন্ট পেয়েছেন এই ফুটবলার।
কোপা ট্রফিতে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয়টি আসরে ভোট দিয়েছেন মেসি। এই সময়ে পেদ্রি, গাভি, জামাল মুসিয়ালা, নুনো মেন্ডেস, জুড বেলিংহ্যাম, দেজিরে দুয়ের মতো তরুণ ফুটবলারদেরও নিজের পছন্দের তালিকায় রেখেছেন তিনি।