পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সম্মানে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) একটি প্রতিনিধিদলকে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে বিষয়টি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ এক মুহূর্তের সাক্ষী হন হাফিজউদ্দিন। ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি ছিলেন পাকিস্তান জাতীয় ফুটবল দলের সদস্য। দীর্ঘ সময় পর সেই দলের সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হয় তার।

এই উপলক্ষে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি তাকে বিশেষ উপহার দেন। পাকিস্তান জাতীয় দলের একটি স্মারক জার্সি তুলে দেন তিনি। জার্সিটিতে হাফিজউদ্দিনের সাবেক সব সতীর্থের স্বাক্ষর ছিল।

ফুটবলের মাঠে একসময় যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন, তাদের স্বাক্ষরসংবলিত জার্সি পেয়ে স্মরণীয় হয়ে ওঠে হাফিজউদ্দিনের এই পুনর্মিলন।