কিছু ত্রুটি থাকলেও জয়েই খুশি মাহমুদউল্লাহ

জয় উদযাপন করছে খুলনার খেলোয়াড়রাশুরুর ম্যাচ থেকে এখন পর্যন্ত ব্যাটিংটাই ঠিকমতো হচ্ছে না খুলনা টাইটানসের। শনিবার ঢাকার বিপক্ষে ১৫৭ রান করলেও ব্যাটিংয়ে বেশকিছু ত্রুটি স্পষ্টই ফুটে উঠেছে। বিশেষ করে মিডল অর্ডারে একজন হার্ডহিটার ব্যাটসম্যানের অভাব খুব ভালোভাবেই ভোগাচ্ছে খুলনাকে।

এমন স্কোর নিয়ে প্রায় সবগুলো ম্যাচই শেষ ওভারে গিয়ে জিতেছে খুলনা। সেখানেও কৃতিত্বটা বেশি বোলারদেরই! মাহমুদউল্লাহ নিজেই দুটি ম্যাচ জিতিয়েছেন তিনটি করে উইকেট নিয়ে।

শনিবার চট্টগ্রামে প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ১৫৭ রান করলেও সেখানে অবদানটা বেশি ঢাকার ফিল্ডারদের। ওপেনার আন্দ্রে ফ্লেচার ২ ও ৯ রানে দুইবার জীবন পেয়ে শেষ পর্যন্ত ২০ রান করেছেন। খুলনার স্কোর গড়তে সবচেয়ে বড় ব্যবধান যার সেই মাহমুদউল্লাহও পেয়েছেন দুইবার জীবন। ব্যক্তিগত ৩৪ ও ৩৬ রানে জীবন পাওয়া মাহমুদউল্লাহ তার ইনিংসটিকে নিয়ে গেছেন ৬২ রানে।

এমনটা খেলার অংশ হলেও পরের ম্যাচগুলোতে সচেতন হতে চান অধিনায়ক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমাদের ব্যাটিং খুব ভালো হয়নি। আমাদের উন্নতি করার আরও কিছু জায়গা রয়েছে। পরের ম্যাচে সেগুলোর জন্য চেষ্টা করবো।’

প্রসন্ন যখন বিস্ফোরক ব্যাটিং করছিলেন, টেনশনে স্থির থাকতে পারছিলেন না মাহমুদউল্লাহ, ‘প্রসন্ন ম্যাচটা প্রায় বের করে নিয়ে যাচ্ছিলো। বোলাররা দারুণ চেষ্টা করেছে। সত্যি কথা বলতে শেষ ওভারে দুই দলের জন্যই সম্ভাবনা ছিল। ওদের মাত্র একটি উইকেট ছিল। আমরা আরও ১০ থেকে ১৫ রান বেশি করতে পারলে এতোটা কঠিন হতো না। তারপরও ম্যাচটি জিততে পেরেছি, সেটাই বড় কথা।’

/আরআই/এফএইচএম/