কম রানের আক্ষেপ বরিশালের

মুশফিকুর রহিমলো স্কোরিং ম্যাচে খুলনা টাইটানস ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে বরিশাল বুলসের বিপক্ষে। আগে ব্যাটিং করে ১১৯ রান সংগ্রহ করে বরিশাল। এমন অল্প রানে ম্যাচ জয় সম্ভব না বলে মনে করেন বরিশালের অধিনায়ক।

পুরস্কার বিতরণী মঞ্চে মুশফিকুর রহিম বলেছেন, ‘আমরা স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে ব্যর্থ হয়েছি। যা তুলেছি সেটা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট নয়। বিশেষ করে আমরা প্রথম ৬ ওভারে পিছিয়ে পড়েছি। এছাড়া শেষ দুই ওভারও ভালো ব্যাটিং হয়নি। ওখানে আরও কিছু রান যোগ হলে হয়তো ম্যাচটা আরও হাড্ডাহাড্ডি হতে পারত।’

প্রায় দশদিনের বিরতির পরও মিরপুরের উইকেট পিচ খেলার মতো উপযুক্ত হয়নি। প্রথম ম্যাচেই বল অনেক নিচু হয়েছে। মারকাটের ক্রিকেটে ব্যাটসম্যানরা রীতিমতো খাবি খেয়েছেন এমন উইকেটে। মুশফিকও জানালেন, ‘এই উইকেটে ব্যাটিং করাটা অনেক কঠিন ছিল। তারপরও আমাদের ব্যাটসম্যানরা বোলাদের প্রচুর ডট বল দিয়েছে। সব মিলিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি।’

জয়ে ফিরতে হলে ঠিকভাবে এগোতে হবে। সেই সঠিক প্রক্রিয়াটা খুঁজে পাচ্ছেন না মুশফিক। ঢাকায় ভালো খেলে চট্টগ্রামে গিয়ে হতাশ হতে হয়েছে বরিশালকে। নিজেদের নবম ম্যাচে জয়ে ফিরতে না পারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার জোরালো সম্ভাবনাই উঁকি দিচ্ছে, ‘আমরা ঠিক প্রক্রিয়ায় এগোতে পারছি না। কিছু ভুল থেকেই যাচ্ছে।  ফিল্ডিং-ব্যাটিং-বোলিংয়ে বেশকিছু ত্রুটি রয়েছে। আশা করি পরের ম্যাচে শোধরাতে পারবো। হয়তো একটি ম্যাচ আমাদের মুহূর্তটা পরিবর্তন করে দিতে পারে।’

/আরআই/এফএইচএম/