কারণ অবশ্য আছে। এই টুর্নামেন্টে ব্যক্তিগত কোনও লক্ষ্য স্পর্শ না করলেও দুঃখ নেই তার। কারণ তার লক্ষ্য অন্যকিছু- ঢাকাকে ফাইনালে নিয়ে যাওয়া। আর সম্ভব হলে দলকে চ্যাম্পিয়ন করানো। এর আগে বিপিএলের প্রথম আসরে তার নেতৃত্বে খুলনা রয়্যালস সেমিফাইনালে খেলেছিল। এছাড়া গত আসরে রংপুরকে নেতৃত্ব দিয়ে কোয়ালিফায়ার পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সাকিব। এখন পর্যন্ত ওটাই তার দলীয় সেরা সাফল্য। এবার তাইতো তার একমাত্র লক্ষ্য ঢাকার হয়ে শিরোপা জেতা।
৮ ইনিংসে ব্যাট করে সর্বোচ্চ ৪১ রান নিয়ে টুর্নামেন্টে তার সংগ্রহ ১৭৯ রান। সমান সংখ্যক ম্যাচে বল হাতে নিয়েছেন ৬টি উইকেট। সবমিলিয়ে দলের পারফরম্যান্স দুর্দান্ত হলেও সাকিবের পারফরম্যান্সটা ঠিক তার নামের সঙ্গে যাচ্ছে না।
শনিবার সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে সাকিব বলেছেন, ‘আসলে টার্গেট একেক সময় একেক রকম থাকে। এই বছর একটাই টার্গেট- ফাইনাল পর্যন্ত যাওয়া; পারলে চ্যাম্পিয়ন হওয়া। সেখানে আমার অবদান থাকুক কিংবা না থাকুক। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে দল কেমন পারফর্ম করে সেটা। আসলে টি-টোয়েন্টিতে খুব বেশি খেলোয়াড় পারফর্ম করার সুযোগ পায় না। যখন যার সুযোগ আসবে সেই পারফর্ম করবে। ফাইনালে পৌঁছাতে আমাদের যা করা প্রয়োজন আমরা সেটা করতে প্রস্তুত আছি।’
প্রথম দুই আসরে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছিলেন সাকিব। প্রথম দুই আসরে টুর্নামেন্ট সেরা হয়ে গাড়ি জিতেছিলেন বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার। অবশ্য এদিন মজা করে বললেন গাড়ি না থাকার কথা। এই নিয়ে সাকিব বলেছেন, ‘বিপিএলে এবার ফাইনাল খেলা ছাড়া অন্য কোনও টার্গেট নেই। গাড়িটাড়িও দেখা যাচ্ছে না। গাড়ি না থাকলে ম্যান অব দ্যা সিরিজ হয়ে লাভ কী (হাসি)। ব্যক্তিগত লক্ষ্য থাকে অনেক সময়। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে, দলের হয়ে কতটা অবদান রাখা যায় এবং ট্রফি জেতা যায়। ট্রফি জেতার সম্ভাবনা এখনও আছে আমাদের। আমরা চেষ্টা করব সবাই মিলে যেন ওটা জিততে পারি। আমার চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কোনও লক্ষ্য নেই।’
শনিবার অবশ্য কুমিল্লার বিপক্ষে ২৬ বলে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন সাকিব। বল হাতেও ৩০ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। সবমিলে তাই ম্যাচসেরার পুরস্কার জুটেছে তার হাতে। নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেছেন, ‘একটু অবদান রাখতে পারলে তো ভালোই লাগে। অতো বেশি ব্যাটিং করার সুযোগ পাচ্ছিলাম না, আজকে সেই সুযোগটি ছিল। এর আগে এক-দুই ম্যাচে সুযোগটি ছিল কিন্তু কাজে লাগাতে পারিনি। আজকে সুযোগও ছিল, উইকেটও ভালো ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘আমার পারফরম্যান্স অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে যেমন একটু দরকার ছিল এবং এটা করতে পেরেছি বলে ভালো লাগছে। সময় যখন আসবে তখন যেন পারফর্ম করতে পারি সেটাই গুরুত্বপূ্র্ণ।’
/আরআই/এফএইচএম/