সাকিব অবশ্য মোসাদ্দেককে চিনেছেন গত প্রিমিয়ার লিগে আবাহনীর তাবুতে। একই দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব ও মোসাদ্দেক। আবাহনীকে চ্যাম্পিয়ন করাতে মোসাদ্দেক দারুণ কিছু ইনিংস খেলেছিলেন।
আবাহনীর পর বিপিএলেও সাকিবের সঙ্গে খেলছেন মোসাদ্দেক। আর তার ক্রিকেট প্রতিভায় মুগ্ধ সাকিব সুন্দর ভবিষ্যত দেখতে পাচ্ছেন। শনিবার ম্যাচ শেষে মোসাদ্দেক প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেছেন, ‘মোসাদ্দেক রানের মধ্যেই আছে। আমি আসলে ওকে দেখেছি আবাহনী থেকে। ব্যাটিংটা যতদিন ধরে দেখেছি মুগ্ধ হচ্ছি। ওর ভেতরে অনেক বড় খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো একটা ফিনিশার হতে পারে বলে আমি মনে করি। ওকে দেখতে অতো বড় বিগ হিটার মনে না হলেও সে অনেক বড় বড় শট খেলতে পারে। আমাদের দেশের অনেক ব্যাটসম্যানই এটা পারে না। এছাড়া ওর শটের অপশনও অনেক বেশি। একটা ভালো ক্রিকেটজ্ঞাণ আছে তার। সে জানে কখন কীভাবে ব্যাটিং করতে হয়। সবকিছু যদি ঠিকঠাক রাখতে পারে, তাহলে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক কিছু দিতে পারবে মোসাদ্দেক।’
স্থানীয় ক্রিকেটারদের প্রশংসা করে সাকিব বলেছেন, ‘আমাদের স্থানীয় ব্যাটসমানদের সবাই রানের ভেতর রয়েছে। মারুফ ভাই ভালো ব্যাটিং করছেন। নাসির যেগুলোতে সুযোগ পেয়েছে সেখানে ভালো করেছে। শুধু তাই নয়, অন্য দলের স্থানীয় ব্যাটসম্যান-বোলার সবাই রান পাচ্ছে।’
স্থানীয়রা ভালো ক্রিকেট খেলছেন বলেই বিপিএলটা জমজমাট হচ্ছে। ঠিক এমনটাই মনে করেন সাকিব, ‘সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সবইতো স্থানীয়। এটা খুবই ভালো লক্ষণ। এই কারণেই তো এবারের টুর্নামেন্টটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। সব স্থানীয় খেলোয়াড়রা ভালো করছে। সেই সঙ্গে বিদেশি খেলোয়াড় যারা এসেছে তারাও অবদান রাখছে।’
/আরআই/এফএইচএম/